ফের সম্প্রচারে ফিরছে গ্রিন টিভি, বিএসসিএলের সঙ্গে চুক্তি স্বাক্ষর
শিগগির সম্প্রচারে ফিরছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি)। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সঙ্গে স্যাটেলাইট সম্প্রচারের জন্য নতুন করে একটি চুক্তি স্বাক্ষর হয়।
বিএসসিএলের মূল কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান এবং গ্রিন টিভির ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএসসিএলের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. শফিউল আজম। গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, গ্রিন টিভি এর হেড অব নিউজ মাহমুদ হাসান।
এর আগে সেবার বকেয়া মূল্য পরিশোধ না করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বকেয়া বিষয়টি নিষ্পত্তি করে নতুন চুক্তির মাধ্যমে ফের সম্প্রচার চালু করতে যাচ্ছে চ্যানেলটি।







