মাইক্রোসফট ও অ্যানথ্রপিককে পরামর্শ দেবেন ঋষি সুনাক

মাইক্রোসফট ও অ্যানথ্রপিককে পরামর্শ দেবেন ঋষি সুনাক
১২ অক্টোবর, ২০২৫ ২০:১৭  

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট ও কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা অ্যানথ্রপিকের সিনিয়র উপদেষ্টা হিসেবে যোগ দিচ্ছেন। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টেকক্রাঞ্চ।

ব্রিটিশ পার্লামেন্টের অ্যাডভাইজরি কমিটি অন বিজনেস অ্যাপয়নমেন্টস (অ্যাকোবা) থেকে প্রকাশিত এক চিঠিতে বলা হয়েছে, সুনাকের এই নিয়োগে “মাইক্রোসফট অন্যায্য সুবিধা পেতে পারে” — এমন আশঙ্কা রয়েছে। কারণ, প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি সরকারের বিভিন্ন নীতি ও গোপন তথ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন।

২০২৩ সালে সুনাক সরকারের আমলে যুক্তরাজ্য ও মাইক্রোসফটের মধ্যে ২.৫ বিলিয়ন পাউন্ডের একটি চুক্তি হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানটি নতুন ডেটা সেন্টার নির্মাণ ও প্রযুক্তি প্রশিক্ষণে বিনিয়োগ করে।

অ্যাকোবা আরও জানায়, “বর্তমানে যখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক চলছে, তখন সুনাকের এই নিয়োগ সরকারে প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করতে পারে বলে যৌক্তিক উদ্বেগ রয়েছে।”

সুনাক জানিয়েছেন, তিনি কোনো নীতিনির্ধারণ বা সরকারি বিষয়ে পরামর্শ দেবেন না; বরং বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক প্রবণতা নিয়ে উচ্চস্তরের বিশ্লেষণেই মনোযোগ দেবেন। পাশাপাশি তিনি এই কাজের বেতন ‘রিচমন্ড প্রজেক্ট’ নামের একটি দাতব্য প্রতিষ্ঠানে দান করবেন, যা তিনি স্ত্রীসহ প্রতিষ্ঠা করেছেন।

বর্তমানে সুনাক গোল্ডম্যান স্যাকসের সিনিয়র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তার সাবেক রাজনৈতিক উপদেষ্টা লিয়াম বুথ-স্মিথ বর্তমানে অ্যানথ্রপিকের সঙ্গে কাজ করছেন। 

এর আগে লিবারেল ডেমোক্র্যাট নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত মেটা-এর বৈশ্বিক নীতিবিষয়ক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিবিটেক/বিএমটি