অ্যাপলের ‘ক্লিপস’ অ্যাপের বিদায়
অ্যাপল তাদের ভিডিও নির্মাণের জনপ্রিয় অ্যাপ ‘ক্লিপস’ বন্ধ করে দিচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ১০ অক্টোবর থেকে অ্যাপটি আর অ্যাপ স্টোরে পাওয়া যাবে না এবং ভবিষ্যতে এটির কোনো নতুন সংস্করণ বা আপডেটও দেওয়া হবে না। খবর টেকক্রাঞ্চ।
অ্যাপলের ওয়েবসাইটে প্রকাশিত এক সহায়তা বার্তায় বলা হয়েছে, নতুন ব্যবহারকারীরা এখন থেকে ক্লিপস ডাউনলোড করতে পারবেন না। তবে যারা আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন, তারা বর্তমান বা পুরোনো সংস্করণের আইওএস এবং আইপ্যাডওএসে এটি চালাতে পারবেন। প্রয়োজনে তারা নিজেদের অ্যাপল আইডি থেকে অ্যাপটি আবারও নামিয়ে নিতে পারবেন।
অ্যাপল জানিয়েছে, যেহেতু অ্যাপটি আর আপডেট পাবে না, তাই সময়ের সঙ্গে এর ব্যবহার কঠিন হয়ে উঠবে। সে কারণে ব্যবহারকারীদের তৈরি ভিডিওগুলো এখনই ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৭ সালে চালু হওয়া ক্লিপস অ্যাপকে অনেকেই স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম স্টোরিজের বিকল্প হিসেবে দেখেছিলেন। অ্যাপটি দিয়ে সহজেই ছবি ও ভিডিও একত্র করে তাতে ফিল্টার, ইমোজি ও মিউজিক যোগ করা যেত।
তবে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল কেবল বাগ ফিক্স ছাড়া বড় কোনো আপডেট দেয়নি। ব্যবহারকারীদের অনেকে জানিয়েছেন, তারা বহু বছর ধরেই অ্যাপটি ব্যবহার করছেন না।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এখন যখন ওপেনএআইয়ের ‘সোরা’ মতো কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ভিডিও অ্যাপ জনপ্রিয় হয়ে উঠছে, তখন ক্লিপসের বিদায়টা ছিল সময়েরই দাবি।
ডিবিটেক/বিএমটি







