ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট

ইউটিউব মিউজিকে আসছে এআই হোস্ট
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:১১  

ইউটিউব তাদের নতুন প্ল্যাটফর্ম “ইউটিউব ল্যাবস” চালুর ঘোষণা দিয়েছে, যেখানে ব্যবহারকারীরা পরীক্ষামূলক এআই প্রযুক্তি ব্যবহার করে দেখতে পারবেন। এটি গুগল ল্যাবসের মতো হলেও ইউটিউব-কেন্দ্রিক। খবর এনগ্যাজেট।

ইউটিউব ল্যাবসের অংশ হিসেবে মিউজিক অ্যাপে পরীক্ষামূলকভাবে এআই হোস্ট চালু করা হয়েছে। এই এআই হোস্টরা ব্যবহারকারীর পছন্দের গান শোনার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে গান সম্পর্কিত গল্প, ভক্তদের জন্য ট্রিভিয়া ও মজার মন্তব্য উপস্থাপন করবে। এর আগে স্পটিফাই তাদের অ্যাপে এআই ডিজে চালু করেছিল।

প্রাথমিকভাবে এই সুবিধা কেবলমাত্র ইউটিউব প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য এবং সীমিত সংখ্যক মার্কিন গ্রাহক এতে অংশ নিতে পারবেন। তবে কতজনকে এ সুযোগ দেওয়া হবে, তা এখনও জানা যায়নি।

সাম্প্রতিক মাসগুলোতে ইউটিউবে এআই-ভিত্তিক কনটেন্টের ব্যবহার দ্রুত বেড়েছে। কনটেন্ট নির্মাতাদের জন্যও ইউটিউব নতুন এআই টুল এনেছে, যার মধ্যে রয়েছে কথোপকথনকে গানে রূপান্তর করার সুবিধা, এআই-ভিত্তিক বয়স যাচাই এবং গুগলের বিতর্কিত এআই ওভারভিউ-এর অনুরূপ ফিচার পরীক্ষা।

ইউটিউবের এই পদক্ষেপকে এআই ব্যবহারের আরও সম্প্রসারণ হিসেবে দেখা হচ্ছে।

ডিবিটেক/বিএমটি