মাইক্রোসফটের লিসা মোনাকোকে বরখাস্তের দাবি ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাইক্রোসফটের বৈশ্বিক বিষয়ক সভাপতি লিসা মোনাকোকে অবিলম্বে চাকরিচ্যুত করা উচিত। তিনি অভিযোগ করেন, মোনাকো জাতীয় নিরাপত্তার জন্য "বড় হুমকি"। খবর রয়টার্স।
ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার নিরাপত্তা উপদেষ্টা ও জো বাইডেন প্রশাসনের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মোনাকো। ২০২১ সালের ৬ জানুয়ারি কংগ্রেস ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার সময় বিচার বিভাগের প্রতিক্রিয়া সমন্বয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এ বছর জুলাই থেকে তিনি মাইক্রোসফটে যোগ দিয়ে প্রতিষ্ঠানটির বৈশ্বিক সরকারি সম্পর্কের দায়িত্ব সামলাচ্ছেন।
ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, “মোনাকো যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, বিশেষত যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে মাইক্রোসফটের গুরুত্বপূর্ণ চুক্তিগুলো বিবেচনা করলে।” তিনি আরও বলেন, “আমার মতে মাইক্রোসফটকে অবিলম্বে লিসা মোনাকোকে চাকরি থেকে ছাঁটাই করা উচিত।”
যুক্তরাষ্ট্র সরকার ফেব্রুয়ারিতে মোনাকোর নিরাপত্তা ছাড়পত্র বাতিল করে এবং শুক্রবার তাকে সব ধরনের ফেডারেল সম্পত্তিতে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করে।
মাইক্রোসফট ট্রাম্পের মন্তব্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মোনাকোর পক্ষ থেকেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্পের এই মন্তব্য আসে সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ গঠনের একদিন পর। ট্রাম্প ইঙ্গিত দেন, তার রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে। তিনি এর আগেও নিজের প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে আইনজীবী প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবং তার বিরুদ্ধে তদন্তে যুক্ত কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগ করেছেন।
সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলাসহ শীর্ষ প্রযুক্তি নেতারা হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রযুক্তি খাতে রিপাবলিকানদের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আসছেন।
ডিবিটেক/বিএমটি



