আসছে বিজ্ঞাপনমুক্ত ফেসবুক ও ইনস্টাগ্রাম
সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামে বিজ্ঞাপনমুক্ত সাবস্ক্রিপশন চালুর ঘোষণা দিয়েছে মেটা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাজ্যের ব্যবহারকারীরা মাসিক ফি দিয়ে বিজ্ঞাপনমুক্ত সেবা নিতে পারবেন। খবর রয়টার্স।
খবরে বলা হয়, বিজ্ঞাপনমুক্ত ওয়েব ফি নির্ধারণ করা হয়েছে ২.৯৯ পাউন্ড এবং আইওএস ও অ্যান্ড্রয়েডে ৩.৯৯ পাউন্ড।
মেটা জানায়, ব্যবহারকারীরা চাইলে ফি দিয়ে বিজ্ঞাপনমুক্ত অভিজ্ঞতা পাবেন, আবার চাইলে বিনামূল্যে আগের মতো বিজ্ঞাপনভিত্তিক সেবা চালিয়ে যেতে পারবেন। যারা সাবস্ক্রিপশন নেবেন, তাদের ব্যক্তিগত তথ্য আর বিজ্ঞাপনের কাজে ব্যবহার করা হবে না।
এই পদক্ষেপ এসেছে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের উদ্বেগের পর, যেখানে প্ল্যাটফর্মগুলোর ব্যক্তিগত তথ্য ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। ইউরোপীয় ইউনিয়নে এর আগে তথ্য গোপনীয়তা নীতিমালা মানতে মেটা অনুরূপ সেবা চালু করেছিল।
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, ব্যক্তিগত তথ্য ও লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন নিয়ে নিয়ন্ত্রক সংস্থার চাপের কারণে প্রযুক্তি কোম্পানিগুলোতে বড় পরিবর্তন আসছে। উল্লেখ্য, মেটার মোট আয়ের প্রায় ৯৮ শতাংশই বিজ্ঞাপন থেকে আসে।
ডিবিটেক/বিএমটি







