ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিইএবি-সিসিআরটিবি আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সিইএবি-সিসিআরটিবি আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন ২০২৫
২৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৮:২৪  

ইউনেস্কোর পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪–২৫-এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগ এবং ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশের (সিসিআরটিবি) যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো সিইএবি-সিসিআরটিবি আন্তর্জাতিক ক্যান্সার সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সেন্টেট হলে ২৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত সম্মেলনে দেশের এবং আন্তর্জাতিক পর্যায়ের ক্যান্সার বিশেষজ্ঞ, গবেষক, চিকিৎসক, নীতিনির্ধারক, তরুণ নেতৃবৃন্দ এবং কর্মীরা অংশ নেন।

সম্মেলনে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা, জনসচেতনতা, প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান ঘাটতি পূরণ করা। সম্মেলনে প্রিসিশন অনকোলজি, স্বাস্থ্যনীতি, জনসচেতনতা এবং তরুণদের সম্পৃক্ততা নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনার বিষয়বস্তুতে ছিলো ক্যান্সার জিনোমিকস, বায়োমার্কার আবিষ্কার, এইচপিভি ভ্যাকসিনেশন, ক্যান্সার প্রতিরোধ এবং ইন্টিগ্রেটিভ অনকোলজি। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ড. সায়েদুর রহমান। 

এছাড়া দেশি-বিদেশি খ্যাতনামা অনকোলজিস্ট ও গবেষকদের মধ্যে উপস্থিত ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস প্রফেসর স্যার ওয়াল্টার বডমার, অঙ্কলজি ক্লাবের সভাপতি প্রফেসর এম. এ. হাই, বিএমইউ’র অঙ্কলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ মো. আকরাম হোসেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের ড. জাবেদ ইকবাল, ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ড. রেনজো গুইন্তো, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান ও সহযোগী অধ্যাপক মুশতাক ইবনে আয়ূব।