গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিতে

প্রথমবারের মতো স্নাতকোত্তর প্রোগ্রাম চালু

প্রথমবারের মতো স্নাতকোত্তর প্রোগ্রাম চালু
৯ আগষ্ট, ২০২৫ ১৯:৩৩  
৯ আগষ্ট, ২০২৫ ১৯:৩৬  

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের পাঠদান শুরু করেছে।প্রাথমিকভাবে দুইটি বিভাগে এ কার্যক্রম চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইন্টারনেট অব থিংস (IoT) অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এবং এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (EdTE) বিভাগ।

৯ আগস্ট, শনিবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে পৃথকভাবে প্রোগ্রাম দুটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা ও প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে এই স্নাতকোত্তর প্রোগ্রাম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের গবেষণা ও উদ্ভাবনী প্রযুক্তি উন্নয়নে অংশ নিতে পারবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর এই যুগে শিক্ষার পদ্ধতি ও কনটেন্ট যেমন বদলাচ্ছে, তেমনি বদলে যাচ্ছে দক্ষতার সংজ্ঞাও। আমাদের নতুন প্রোগ্রাম দুটি কেবল শিক্ষা নয়, গবেষণা ও উদ্ভাবনেও নতুন দিগন্ত উন্মোচন করবে।

ইন্টারনেট অব থিংস (IoT) অ্যান্ড রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান সুমন সাহা বলেন, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কেবল একটি বিশ্ববিদ্যালয় নয়, বরং এটি প্রযুক্তি-ভিত্তিক ভবিষ্যতের দিশারি। আমাদের লক্ষ্য—শুধু ডিগ্রিধারী নয়, বরং গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তামূলক মনোভাবসম্পন্ন কর্মক্ষম মানবসম্পদ তৈরি করা, যারা কেবল চাকরি খুঁজবে না, বরং নতুন কর্মসংস্থান তৈরি করবে।

এডুকেশনাল টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ফারহানা ইসলাম বলেন, বিশ্ব এখন প্রযুক্তিনির্ভর। যারা এই ভাষা জানে না, তারা পিছিয়ে পড়বে। আমরা চাই বাংলাদেশের তরুণরাই হোক প্রযুক্তির দিকনির্দেশক।

গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার পর এটিই প্রথম স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক প্রোগ্রাম।