২৪ জুলাই অনলাইনে বসছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প
স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মধ্যে জীববিজ্ঞান ও গবেষণার প্রতি গভীর আগ্রহ ও অনুসন্ধানী মানসিকতা তৈরি করতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমী বিজ্ঞান ক্যাম্প ‘এ এস আই স্কুল অব লাইফ ২০২৫’। জীবনের জটিল রহস্য উন্মোচনে তরুণদের প্রস্তুত করতে ও বিজ্ঞানের প্রতি তাদের জ্ঞানপিপাসা জাগিয়ে তুলতেই এই আয়োজন। দুই ধাপে সাজানো এই ক্যাম্পে থাকবে অনলাইন ভিত্তিক তাত্ত্বিক শিক্ষা এবং অফলাইন পর্বে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে হাতে-কলমে শেখার সুযোগ, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গবেষণাভিত্তিক ক্যারিয়ারের জন্য একটি শক্ত ভিত গড়ে তুলবে।
প্রথম ধাপের অনলাইন ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী ২৪ থেকে ২৭ জুলাই পর্যন্ত। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা গুগল ক্লাসরুম ও জুম প্ল্যাটফর্মে অংশ নেবে দেশের স্বনামধন্য বিজ্ঞানী ও গবেষকদের সঙ্গে। এই ধাপে শিক্ষার্থীরা জীবনের জটিল বিষয়গুলো নিয়ে জানবে এবং গবেষণার প্রাথমিক ধারণা লাভ করবে।
অনলাইন ক্যাম্প শেষে বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হবে দ্বিতীয় ধাপের অফলাইন ক্যাম্প, যা অনুষ্ঠিত হবে ৩০জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত। এখানে তত্ত্বীয় পাঠের পাশাপাশি ল্যাবে সরাসরি কাজ করার সুযোগ থাকবে। শিক্ষার্থীরা ভ্রমণ করবে দেশের স্বনামধন্য গবেষণাগারগুলোতে। সেই সঙ্গে থাকবে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে বিশেষ সেশন, ‘Biocity: Youth for Urban Wetland Revival’, যেখানে শিক্ষার্থীরা পরিবেশবিদ ড. হাসিব ইরফানউল্লাহ-এর কাছ থেকে শিখবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে। অফলাইন ক্যাম্পের শেষে বাছাইকৃত ১২ জন শিক্ষার্থীকে দেশের খ্যাতনামা গবেষণাগারগুলোতে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে, যা তাদের জীববিজ্ঞান ও গবেষণার ক্ষেত্রে ভবিষ্যৎ প্রস্তুতিতে সহায়ক হবে।







