উইন্ডসার্ফের সাথে ২.৪ বিলিয়ন ডলারের চুক্তিতে গুগল
অ্যালফাবেটের অধীনস্থ গুগল তাদের এআই কোডিং সক্ষমতা বাড়াতে স্টার্টআপ উইন্ডসার্ফের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়োগ করেছে। শুক্রবার ঘোষণা অনুযায়ী, গুগল এই চুক্তিতে ২.৪ বিলিয়ন ডলার লাইসেন্স ফি দিচ্ছে, তবে উইন্ডসার্ফের কোনো শেয়ার নিচ্ছে না। উইন্ডসার্ফের সিইও বরুণ মোহন, সহ-প্রতিষ্ঠাতা ডগলাস চেন এবং গবেষণা দলের কিছু সদস্য গুগলের ডিপমাইন্ড ইউনিটে যোগ দেবেন। খবর রয়টার্স।
এর আগে, ওপেনএআই এই স্টার্টআপটি ৩ বিলিয়ন ডলারে অধিগ্রহণের চেষ্টা করছিল। গুগল জানিয়েছে, এই নিয়োগের মাধ্যমে তারা এজেন্টিক কোডিং প্রকল্প ও জেমিনি প্রজেক্টকে এগিয়ে নিতে চায়। চুক্তিটি বিনিয়োগকারীদের জন্যও লাভজনক হয়েছে, কারণ তারা নগদ অর্থ পেলেও উইন্ডসার্ফে তাদের অংশীদারিত্ব বজায় থাকবে।
এ ধরনের 'অ্যাকুইহায়ার' চুক্তি সাম্প্রতিক সময়ে প্রযুক্তি জায়ান্টদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, যা নিয়ন্ত্রক সংস্থার নজর কাড়তে পারে।
ডিবিটেক/বিএমটি







