এআই প্রভাবে ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫০০ কর্মী ছাঁটাই করছে থমসন রয়টার্স
নিজেদের ব্যবসায়িক কার্যক্রমজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির আগ্রাসী ব্যবহারের অংশ হিসেবে ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশল বিভাগ থেকে "স্বল্প সংখ্যক" কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে কানাডিয়ান কনটেন্ট ও প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান থমসন রয়টার্স। সোমবার (১৩ জুলাই) প্রযুক্তি বিভাগের একটি অভ্যন্তরীণ সভায় কর্মীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই সভায় অংশ নেওয়া নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মীর বরাত দিয়ে এই তথ্য জানা গেছে।
রয়টার্সের হিসাব অনুযায়ী, কোম্পানিটি তাদের ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সর্বমোট ৫০০ জন পর্যন্ত কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী তাদের মোট ২৭,১০০ জন কর্মীবাহিনীর মধ্যে এই ছাঁটাইয়ের পরিমাণ প্রায় ১.৮ শতাংশ। তবে কোম্পানির মূল 'অপারেশনস অ্যান্ড টেকনোলজি' ইউনিটের মোট ৯,৪০০ জন কর্মীর তুলনায় এই ছাঁটাইয়ের হার প্রায় ৫.২ শতাংশ।
বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে চলমান ব্যাপক কর্মী ছাঁটাইয়ের সর্বশেষ ধাক্কা এটি। মূলত চ্যাটজিপিটি বা অন্যান্য উন্নত এআই টুলের মাধ্যমে কম্পিউটার কোড লেখার কাজ নাটকীয়ভাবে সহজ ও দক্ষ হয়ে ওঠায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারেরাই প্রথম এই প্রযুক্তির অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের মুখে পড়েছেন। চাকরি ট্র্যাক করার ওয়েবসাইট লেঅফসের তথ্যমতে, চলতি ২০২৬ সালেই মেটা এবং অ্যামাজনের মতো টেক জায়ান্টসহ প্রায় ২২৮টি প্রযুক্তি প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে ১ লাখ ২০ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন।
থমসন রয়টার্সের এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, "আইন, কর এবং নিয়ন্ত্রক কর্মপ্রবাহের ক্ষেত্রে গ্রাহকদের প্রত্যাশা যেভাবে দ্রুত পরিবর্তিত হচ্ছে, তা মাথায় রেখে আমরা আমাদের সক্ষমতাকে গ্রাহকদের জন্য সবচেয়ে প্রয়োজনীয় খাতে পুনর্বিন্যাস করছি।"
মুখপাত্রটি আরও যোগ করেন, "আমরা ক্ষতিগ্রস্ত সহকর্মীদের এই ট্রানজিশন বা পরিবর্তনের সময়ে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি। একই সাথে, আমরা আগামী দুই বছরে বিশ্বব্যাপী ২৫০ জনেরও বেশি নতুন ইঞ্জিনিয়ার নিয়োগ করার আশা করছি, যাদের সিংহভাগই হবেন সিনিয়র এবং এআই-নেটিভ প্রযুক্তিতে বিশেষভাবে দক্ষ।"
উল্লেখ্য, থমসন রয়টার্স হলো বিশ্ববিখ্যাত সংবাদ সংস্থা 'রয়টার্স নিউজ'-এর মূল প্যারেন্ট কোম্পানি।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স





