মেটায় যাচ্ছেন অ্যাপলের দীর্ঘদিনের ডিজাইন নির্বাহী অ্যালান ডাই

মেটায় যাচ্ছেন অ্যাপলের দীর্ঘদিনের ডিজাইন নির্বাহী অ্যালান ডাই
৪ ডিসেম্বর, ২০২৫ ২০:০০  

অ্যাপলের বহু বছরের হিউম্যান–ইন্টারফেস ডিজাইনের প্রধান অ্যালান ডাই মেটা প্ল্যাটফর্মসে যোগ দিচ্ছেন। বুধবার অ্যাপলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এআই–নির্ভর ভোক্তা ডিভাইস তৈরির প্রতিযোগিতা বাড়ার সময় অ্যাপলের এই শীর্ষ ডিজাইনারকে দলে টেনে নিচ্ছে মেটা। খবর রয়টার্স।

অ্যালান ডাই ৩১ ডিসেম্বর থেকে মেটার চিফ ডিজাইন অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। তিনি ২০০৬ সালে অ্যাপলে যোগ দেন এবং ২০১৫ সাল থেকে হিউম্যান–ইন্টারফেস ডিজাইন টিমের নেতৃত্ব দিয়ে আসছিলেন। এই সময় তিনি ভিশন প্রো হেডসেট, আইফোন এক্স এবং অ্যাপল ওয়াচসহ একাধিক গুরুত্বপূর্ণ পণ্যের নকশা নির্ধারণে মূল ভূমিকা পালন করেন। পাশাপাশি অ্যাপলের বিভিন্ন অপারেটিং সিস্টেম ও অ্যাপের বড় ধরনের পুনর্গঠনও তার তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।

মেটা দীর্ঘদিন ধরে স্মার্ট গ্লাসের বাইরে ভোক্তা হার্ডওয়্যার বাজারে নিজস্ব অবস্থান শক্তিশালী করতে চাইছে। বর্তমানে রে-ব্যান ও ওকলি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারিত্বে প্রতিষ্ঠানটি এআই–চালিত স্মার্ট গ্লাস তৈরি করছে। অ্যালান ডাইকে নিয়োগ দেওয়ার মাধ্যমে মেটা তাদের হার্ডওয়্যার লাইনআপ আরও সম্প্রসারণের সংকেত দিচ্ছে।

ব্লুমবার্গের তথ্যমতে, অভিজ্ঞ ডিজাইনার স্টিফেন লেমে অ্যাপলে ডাইয়ের স্থলাভিষিক্ত হবেন। টিম কুক বলেছেন, ১৯৯৯ সাল থেকে প্রতিটি বড় অ্যাপল ইন্টারফেসের পেছনে লেমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

সিলিকন ভ্যালিতে এআই–কেন্দ্রিক প্রতিযোগিতা তীব্র হওয়ায় শীর্ষ প্রতিভা দখলের লড়াইও বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে অ্যাপল থেকে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তার বিদায়—এর মধ্যে সাবেক অপারেশন প্রধান জেফ উইলিয়ামস ও এআই প্রধান জন জিয়ানানড্রেয়া—এই পরিস্থিতিকে আরও স্পষ্ট করছে।

ডিবিটেক/বিএমটি