৭১ ডেস্কটপ কম্পিউটার পেলো ৪০ চৌকি আদালত

৭১ ডেস্কটপ কম্পিউটার পেলো  ৪০ চৌকি আদালত
৩ জুলাই, ২০২৫ ০৭:৪৪  
৩ জুলাই, ২০২৫ ০৯:৪৫  

দেশের দুগর্ম প্রান্তিক উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠিত দেওয়ানি বা ফৌজদারি এখতিয়ার চৌকি আদালতগুলোর সক্ষমতা বাড়াতে অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে দেশের ৪০টি চৌকি আদালতের এজলাস ও দপ্তরে ব্যবহারের জন্য ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় বুধবার (২ জুলাই) এসব কম্পিউটার সরবরাহ করা হয় বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। 

তারা পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ২৩টি জেলায় বর্তমানে ৪০টি চৌকি আদালতে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। অপেক্ষাকৃত দুর্গম অঞ্চলে অবস্থিত চৌকি আদালতগুলোতে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।

ওইসব আদালতে সিনিয়র সহকারী জজ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, যুগ্ম জেলা জজ ও অতিরিক্ত জেলা জজ পদমর্যাদার বিচার বিভাগীয় কর্মকর্তারা কর্মরত আছেন। সরবরাহ করা কম্পিউটারগুলো চৌকি আদালতগুলোর কার্যক্রমে গতিশীলতার সঞ্চার করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ঘোষিত বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপে বিচারসেবার আধুনিকায়নসহ দ্রুততম সময়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিচারসেবা প্রাপ্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি চৌকি আদালতগুলোতে বিচারপ্রার্থীদের কাঙ্ক্ষিত বিচারসেবা প্রাপ্তি নিশ্চিতে সুপ্রিম কোর্ট থেকে প্রয়োজনীয় ডেস্কটপ কম্পিউটার সরবরাহের নির্দেশনা দেন প্রধান বিচারপতি।

গত বছরের ১১ আগস্ট বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের আদালতের বিচারকাজে গতিশীলতা আনার লক্ষ্যে তার নির্দেশনার আলোকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জেলা আদালতগুলোতে এখন পর্যন্ত ৪০০টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। একই সময়ে দেশের ১২০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে সুপ্রিম কোর্ট থেকে ল্যাপটপ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত. ২০২২ সাল পর্যন্ত সারাদেশে বর্তমানে ১৬টি জেলায় ফৌজদারি ও দেওয়ানি মিলে ৪৩টি চৌকি আদালত ছিলো। এগুলোর মধ্যে ২৫টি ছিলো ফৌজদারি আদালত ও ১৮টি দেওয়ানি আদালত। ২৫টি ফৌজদারি আদালত গুলো ছিলে- দুর্গাপুর, সন্দ্বীপ, বাঁশখালী, পটিয়া, লামা, মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, হাতিয়া, জকিগঞ্জ, আজমিরীগঞ্জ, বড়লেখা, ধর্মপাশা, কয়রা, পাইকগাছা, মঠবাড়িয়া, মনপুরা, চরফ্যাশন, মীর্জাগঞ্জ, কলাপাড়া, দশমিনা, গলাচিপা, আমতলী, পাতরঘাটা ও শাহজাদপুর। ১৮টি দেওয়ানি আদালত ছিলো- দুর্গাপুর, সন্দ্বীপ, পটিয়া, রাউজান, সাতকানিয়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, চরফ্যাশন, হাতিয়া, শাহজাদপুর, নবীনগর, বাজিতপুর, চিকনদী, কয়রা, পাইকগাছা, ভাঙ্গা, ঈশ্বরগঞ্জ ও গোবিন্দগঞ্জে। উপযুক্ত চৌকি আদালতগুলোর মধ্যে চট্টগ্রাম জেলায় রয়েছে ৭টি চৌকি আদালত।

১৮৮০ সাল থেকে ১৮৮৫ সালের মধ্যে এই আদালতগুলো প্রতিষ্ঠা হয়।