উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে থাকবে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র

উত্তর সিটির প্রতিটি ওয়ার্ডে থাকবে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র
২৩ জুন, ২০২৫ ১৯:৩৬  
২৩ জুন, ২০২৫ ২১:৩৭  

ধাপে ধাপে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিটি ওয়ার্ডে এয়ার কোয়ালিটি মনিটরিং যন্ত্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রশাসক মোহাম্মদ এজাজ।  ২৩ জুন (সোমবার) ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে অনুষ্ঠিত ‘এয়ার কোয়ালিটি মনিটরিং’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনীতে এই পরিকল্পনার কথা জানান তিনি। 

প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ইতোমধ্যে ডিএনসিসির ১০টি অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ যন্ত্র স্থাপন করা হয়েছে এবং তা সক্রিয়ভাবে বায়ুমান পরিমাপ করছে। ঢাকাকে একটি জলবায়ু সহনশীল নগর ও পরিবেশবান্ধ শহর হিসেবে গড়ে তুলতে ঢাকা উত্তর সিটি করপোরেশন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, একটি গবেষণা প্রকল্পের মাধ্যমে ডিএনসিসির আওতাধীন এলাকাগুলোর বায়ুমান নিয়মিতভাবে পরিবীক্ষণ করা হচ্ছে। এ প্রকল্পটি ভাইটাল স্ট্রাটেজির আর্থিক সহায়তা এবং প্রকৃতি সংরক্ষণ ব্যবস্থাপনা সংস্থার কারিগরি সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় সেন্সরভিত্তিক যন্ত্রের মাধ্যমে PM2.5 (বায়ুতে থাকা অতি ক্ষুদ্র কণা) এবং NO₂ (নাইট্রোজেন ডাই অক্সাইড) এর মতো দূষণ উপাদানসমূহ পরিমাপ করা হচ্ছে। বর্তমানে ডিএনসিসির বিভিন্ন এলাকায় যেমন উত্তরা, মোহাম্মদপুর, কাচকুড়া, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, কমিউনিটি সেন্টার ও অঞ্চল কার্যালয়ের ছাদে বায়ুমান পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামানসহ ডিএনসিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মশালার শেষে ডিএনসিসি প্রশাসক অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।