মহাকাশে বাংলাদেশের নিজস্ব কক্ষপথ পুনর্দখলের দাবি

মহাকাশে বাংলাদেশের নিজস্ব কক্ষপথ পুনর্দখলের দাবি
৪ জুন, ২০২৫ ২০:০৮  
৪ জুন, ২০২৫ ২২:৫৭  

মহাকাশে বাংলাদেশের নিজস্ব কক্ষপথ (অরবিটাল স্লট) পুনর্দখল ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে  আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) পরিচালিত কক্ষপথ সীমিত আন্তর্জাতিক সম্পদ উল্লেখ করে বাংলাদেশ সরকার যথাসময়ে এ কক্ষপথ দখলে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। এছাড়াও স্বাধীন ও সার্বভৌম প্রতিটি দেশ এ কক্ষপথে নিজস্ব অবস্থান দখলে নিতে ৩০ দিনের সময় বেধে দেয়া হয়েছে। 

৪ জুন (বুধবার) রেজিস্ট্রি ডাক ও ই-মেইলের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যানকে এ লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।

নোটিশে লেখা হয়েছে, ‘বাংলাদেশ সরকার যথাসময়ে এ কক্ষপথ দখলে ব্যর্থ হওয়ায় আমাদের প্রথম স্যাটেলাইট ‘বাংলাদেশ স্যাটেলাইট-১’ (আগের নাম ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১) রাশিয়ার একটি কোম্পানির কাছ থেকে ভাড়া করা কক্ষপথে পাঠাতে বাধ্য হয়েছে, যা জাতীয় গৌরব ও প্রযুক্তিগত স্বাধিকার ক্ষুণ্ন করেছে’।

এতে আরো উল্লেখ করা হয়েছে, ‘কক্ষপথ দখলের মাধ্যমে একটি দেশ তার টেলিযোগাযোগ, প্রতিরক্ষা যোগাযোগ ও বৈজ্ঞানিক অগ্রগতিতে একক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করে। এ কক্ষপথ দখলে ব্যর্থতা আমাদের প্রযুক্তিগত নির্ভরশীলতা বাড়িয়েছে এবং জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে’।

নোটিশে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারকে দ্রুত আন্তর্জাতিক পদক্ষেপ নিয়ে নিজস্ব কক্ষপথ পুনর্দখল করতে বলা হয়েছে। একই সঙ্গে আইটিইউর মাধ্যমে আনুষ্ঠানিক আবেদন, আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ নিয়োগ এবং একটি স্থায়ী ‘জাতীয় অরবিটাল মনিটরিং সেল’ গঠনের দাবি জানানো হয়েছে। প

এছাড়াও নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে নিজস্ব কক্ষপথ পুনর্দখল ও অধিকার প্রতিষ্ঠায় ব্যবস্থা না নেওয়া হলে এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হবে বলেও আগাম জানিয়ে দেয়া হয়েছে।