উবার দেখে পাঠাওয়ে আটকে না থেকে নিজেদের উবার বানানোর আহ্বান অধ্যাপক মুস্তাফা হুসেইনের
যেভাবে বাংলাদেশ হবে ‘নেশন অব ইনোভেশন’
- সিলিকন রিভার রূপকল্পে বিশ্বমঞ্চে সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের সূচনা
- সাড়ে ৬ কোটি তরুণকে মোবিলাইজ করে সিইএস লাসভেগাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ আশ্বাস ও মন্ত্রীদের তাৎক্ষণিক নির্দেশনা
স্টার্টআপকে স্কেলআপ করে উবার দেখে পাঠাওয়ে আটকে না থেকে নিজেদের উবার বানানোর পথে হাঁটতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন ‘সিলিকন রিভার’ রূপকল্পের প্রধান স্থপতি অধ্যাপক ড. মুহাম্মদ মুস্তাফা হুসাইন। তিনি জোর দিয়ে বলেছেন, ব্যবসায়ী, প্রবাসী গবেষক, উদ্ভাবক এবং তরুণদের মধ্যে সমন্বিত মেলবন্ধন রচনা করতে পারলে বাংলাদেশ বিশ্বমঞ্চে আত্মপ্রকাশ করবে এক অনন্য ‘নেশন অব ইনোভেশন’ হিসেবে।
২৬ জুলাই, রবিবার রাজধানীর বিজয়নগরস্থ নভোথিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘জাতীয় সেমিকন্ডাক্টর ও বেয়ার (BEAR) সম্মেলন ২০২৬’-এর উদ্বোধনী মঞ্চে তরুণদের প্রতি এই দূরদর্শী আহ্বান জানান পারডু ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের এই তারকা অধ্যাপক।
অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে লক্ষ্য করে মুস্তাফা হুসাইন বলেন, "এবার আমাদের নিজেদের উবার কনসেপ্ট আনতে হবে, যা পৃথিবীর অন্যান্য দেশ অনুসরণ করবে।" বিশ্বের বিভিন্ন দেশে সেমিকন্ডাক্টর খাতে দীর্ঘ ২৫ বছরের কাজের অভিজ্ঞতা তুলে ধরে সিলিকন ভ্যালির আদলে নদীমাতৃক বাংলাদেশকে ‘সিলিকন রিভার’ হিসেবে গড়ার ১৮ মাসের কর্মপরিকল্পনা পেশ করেন তিনি। তিনি জানান, আমেরিকার শীর্ষ ৫টি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১০ জন বাংলাদেশি বংশোদ্ভূত অধ্যাপক রয়েছেন এবং ৩ হাজারেরও বেশি প্রবাসী সেমিকন্ডাক্টর খাতে কাজ করছেন। হাজারের বেশি পেটেন্টের প্রধান উদ্ভাবক তারা।
দেশে ইতোমধ্যে ২১টি কোম্পানি সেমিকন্ডাক্টর চিপের নকশা তৈরি করছে, যেখানে ১,২০০-এর বেশি প্রকৌশলী কর্মরত। বাংলাদেশকে একটি উদ্ভাবনী রাষ্ট্র বা ‘নেশন অব ইনোভেশন’ হিসেবে গড়ে তোলার কৌশল ব্যাখ্যাকারায় তিনি বলেন, সাড়ে ৬ কোটি তরুণকে প্রস্তুত করে লাসভেগাসের কনজিউমার্স ইলেকট্রনিক্স শোতে (CES) 'বাংলাদেশ ইনোভেট' নামে ১১৭টি দেশের সামনে তুলে ধরা হবে এবং শীর্ষ ১০টি উদ্ভাবনকে বৈশ্বিক বিনিয়োগকারীদের মুখোমুখি করা হবে। ব্রেইন গেইনের স্বার্থে সিএইচআইপি গবেষণায় একাডেমিদের জন্য শুল্ক সুবিধা শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেন তিনি।
অধ্যাপক হুসাইনের দূরদর্শী রোডম্যাপে বিমোহিত হয়ে তাকে কাছে ডেকে নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রযুক্তিনির্ভর স্বনির্ভর বাংলাদেশ ও 'নেশন অব ইনোভেশন' গঠনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে তাৎক্ষণিকভাবে উপস্থিত বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন, আইসিটি উপদেষ্টা রেহান আসাদ এবং সচিব মো. আনোয়ার হোসেনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন তিনি।
//ডিবিটেক/ আইইএইচ/এসএমই//





