আইএসপিএবি সভাপতি হাকিম, জ্যেষ্ঠ সহসভাপতি সাইফুল; মহাসচিব নাজমুল
দেশের ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর ২০২৫-২০২৭ মেয়াদের কার্য নির্বাহী পরিষদের সভাপতি হয়েছেন আইএসপি ইউনাটেড প্যানেল প্রধান ও আম্বার আইটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল হাকিম। এই পর্ষদেও ফের জ্যৈষ্ঠ সহসভাপতি হলেন আইসিসি কমিউনিকেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সিদ্দিক।
একইভাবে সদস্য সাবেক মহাসচিব কেএস নেটওয়ার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল করিম ভূঁঞা সর্বোচ্চ ভোটে জয়ী হয়ে একই পদে নির্বাচিত হলেন। কোষাধ্যক্ষ হয়েছেন রেড ডাটা (প্রা) লিমিটেড সিইও মঈন উদ্দিন আহমেদ।
ইসিতে প্রথমবার নির্বাচিত হয়ে সহ সভাপতি হয়েছেন- মাজেদা নেটওয়ার্কস লিমিটেডের চেয়ারম্যান নেয়ামুল হক খান। এছাড়াও যুগ্ম মহাসচিব হয়েছেন যথাক্রমে সার্কেল নেটওয়ার্ক সিইও মাহবুব আলম (রাজু) ও সহযোগী সদস্যদের ভোটে নির্বাচিত ফিশা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন।
১৩ সদস্যের কার্যনির্বাহী কমিটতে ছয় সদস্যের সাধারণ ক্যাটাগরিতে থেকে বিজয়ীদের মধ্যে ইনভেনশন টেকনোলজিস লিমিটেডের সিটিও মো: মিঠু হাওলাদার,ওয়ান স্কাই কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুর রহমান রাজন ও সাব্বির আহমেদ এবং সহযোগী সদস্যদের রায়ে বিজয়ীদের মধ্য থেকে তুহিন এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী রাইসুল ইসলাম তুহিন, এসএম জুবাইয়ের আইটি এক্সপার্ট এর মো. জুবায়ের ইসলাম এবং সবুজ বাংলা অলাইনের এস এম সাইফুল ইসলাম সেলিম আগামী দুই বছরের জন্য কার্যনির্বাহী কমিটির পরিচালক নির্বাচিত হয়েছেন।
এর আগে গত ১৭ মে আইএসপিএবির ২০২৫-২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইএসপি ইউনাইটেড প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। বিজয়ীরা সবাই পরিচালক হিসেবে নির্বাচিত হন। পরে সোমবার (১৯ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী (অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট) এবং সদস্যদ্বয় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো: এরশাদ হোসেন রাশেদ এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রাকিব হোসেনের তত্ত্বাবধানে নির্বাচিত সাধারণ সদস্য শ্রেণী থেকে ৯ জন পরিচালক ও সহযোগী সদস্য শ্রেণী থেকে ৪ জন পরিচালক, মোট ১৩ জন পরিচালকের মধ্যে পদবণ্টনের নির্বাচন আইএসপিএবি সচিবালয়ে অনুষ্ঠিত হয়।







