হিলি সীমান্তে উদ্ধার ভারতীয় ড্রোন ক্যামেরা

হিলি সীমান্তে উদ্ধার ভারতীয় ড্রোন ক্যামেরা
১৫ মে, ২০২৫ ০৮:৩৮  
১৫ মে, ২০২৫ ০৯:৩৯  

দিনাজপুরের হিলি সীমান্তের ধান ক্ষেত থেকে একটি ভারতীয় ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুড়িয়ার আদিবাসী পাড়ার ৪০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোন থেকে ড্রোনটি উদ্ধার করে পুলিশ। সন্ধ্যায় প্রফুল্ল টপ্প নামের এক আদিবাসী কৃষত ধানের জমিতে কাজ করার সময় ড্রোনটি দেখতে পান। বিষয়টি নিশ্চিত করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন। 

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার আগমুহূর্তে ঘাসুড়িয়া সীমান্তের কাছে ধানক্ষেতে কাজ করছিলেন কয়েকজন কৃষক। এসময় তারা সেখানে একটি ড্রোন ক্যামেরা দেখতে পান। পরে প্রফুল্ল টপ্প নামের এক কৃষক ড্রোনটি তার বাসায় নিয়ে যান। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হলে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি টিম সেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

হাকিমপুর থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া সীমান্তের ৪শ গজ বাংলাদেশ অভ্যন্তরে ধান ক্ষেতে ওই গ্রামের কৃষক প্রফুল্ল টপ্প কাজ করছিলেন। ধানক্ষেতে পড়ে থাকা অবস্থায় একটি ড্রোন পেয়ে সেটি নিয়ে বাড়িতে যান। পরবর্তীতে তিনি পুলিশকে বিষয়টি অবগত করলে রাত ৯টার দিকে পুলিশ ও বিজিবি তার বাড়িতে যায়। এসময় এসআই সুজা মিয়া তার বাড়ি থেকে ওই ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। যেহেতু সীমান্তের পাশ থেকে ড্রোনটি উদ্ধার করা হয়েছে তাই বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। 

জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সীমান্তের ওপার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।