ফের বিলম্বিত গ্র্যান্ড থেফট অটো

ফের বিলম্বিত গ্র্যান্ড থেফট অটো
৪ মে, ২০২৫ ১৫:০৭  
৪ মে, ২০২৫ ১৩:০৮  

জনপ্রিয় ভিডিও গেম সিরিজ গ্র্যান্ড থেফট অটো সিক্সের অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো। রকস্টার গেমস এক্স-এ প্রকাশিত এক বিবৃতিতে জানায়, গেমটির প্রকাশ আগামী ২৬ মে ২০২৬-এ নির্ধারণ করা হয়েছে। পূর্বে এটি ২০২৫ সালের শেষ প্রান্তিকে মুক্তি পাওয়ার কথা ছিল। খবর এপি।

প্রতিষ্ঠানটি দুঃখপ্রকাশ করে জানায়, "প্রত্যেকটি গেমেই আমরা ব্যবহারকারীদের প্রত্যাশার চেয়েও বেশি কিছু দেওয়ার চেষ্টা করি। জিটিএ সিক্স-ও এর ব্যতিক্রম নয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন, আমরা সর্বোচ্চ মান নিশ্চিত করতে সময় নিচ্ছি।"

বিলম্বের প্রভাব পড়ে রকস্টারের মূল প্রতিষ্ঠান টেক-টু ইন্টারঅ্যাকটিভ-এর শেয়ারে, যা শুক্রবার প্রায় ৭% কমে যায়।

২০২৩ সালে গেমটির ট্রেলার অনলাইনে ফাঁস হয়ে আলোচনার সৃষ্টি করেছিল। ট্রেলারে মায়ামি-অনুপ্রাণিত ভাইস সিটিতে নারী প্রধান চরিত্র 'লুসিয়া'-কে দেখা যায়। যদিও সাম্প্রতিক বিলম্বে এ সংক্রান্ত কোনো পরিবর্তন আনা হবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

ডিবিটেক/বিএমটি