বিটকয়েনের পুনরুদ্ধার জোরালো হচ্ছে
বিটকয়েনের পুনরুদ্ধার প্রবণতা জোরালো হচ্ছে। সম্প্রতি বিটকয়েন ৯৬,৫০০ মার্কিন ডলারে পৌঁছায়। এক লাখের সীমা অতিক্রম করতে পারলে নতুন ঊর্ধ্বমুখী ঢেউয়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। খবর এবিসি ক্রিপ্টো।
খবরে বলা হয়, বাজারে অতিরিক্ত ঝুঁকি না নিয়েই ওপেন ইন্টারেস্ট বেড়েছে—যা নতুন করে বিনিয়োগকারীদের অংশগ্রহণের ইঙ্গিত দিচ্ছে। একইসঙ্গে, ফান্ডিং রেট ভারসাম্যপূর্ণ থাকায় বাজারে এখনো দ্বিমুখী চাপ বিরাজ করছে।
ক্রিপ্টোকারেন্সি বিশ্লেষক প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী, এক্সচেঞ্জগুলোতে বিটকয়েন রিজার্ভ ০.৬৭% কমেছে, যা বিক্রির চাপ কমে আসার লক্ষণ। সেইসঙ্গে, -৪.৩৩ হাজার বিটকয়েন নেটফ্লো (আউটফ্লো) বাজারে ইতিবাচক প্রবণতা প্রকাশ করছে।
বিটকয়েন নেটওয়ার্কে ব্যবহারকারীর সক্রিয়তা বেড়েছে। প্রতিদিনের সক্রিয় অ্যাড্রেস এখন ৯.২৪ লাখ, যা চলতি বছরের অন্যতম সর্বোচ্চ। এটি শুধুমাত্র জল্পনা নয়, বরং প্রকৃত লেনদেনের বিকাশের ইঙ্গিত দেয়।
সব মিলিয়ে, বিটকয়েন এখন একটি সুস্থ ও ভারসাম্যপূর্ণ অবস্থানে আছে, যা থেকে ১০০,০০০ মার্কিন ডলারের লক্ষে বড়ধরনের ব্রেকআউট আসতে পারে।
ডিবিটেক/বিএমটি







