টিকটক নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৭৫ দিন বাড়ালেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক নিষেধাজ্ঞার সময়সীমা আরও ৭৫ দিন বাড়িয়েছেন। শুক্রবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে তিনি জানান, একটি চূড়ান্ত চুক্তির জন্য অতিরিক্ত সময় দেওয়ার লক্ষ্যে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। খবর টেকক্রাঞ্চ।
ট্রাম্প লিখেছেন, “আমার প্রশাসন টিকটক রক্ষার জন্য কঠোর পরিশ্রম করছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।”
টিকটক নিষেধাজ্ঞার সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়ানো হলো। এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে গৃহীত আইনে বাইটড্যান্সকে যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকানা বিক্রির সময়সীমা নির্ধারণ করা হয়। ট্রাম্প তার শপথগ্রহণের দিনই সময়সীমা ৭৫ দিন বাড়ান।
ব্লুমবার্গের তথ্যে জানা গেছে, ওরাকল, ব্ল্যাকস্টোন ও অ্যান্ড্রিসেন হোরোভিৎসের নেতৃত্বে একটি মার্কিন বিনিয়োগকারী গোষ্ঠীর প্রস্তাব ট্রাম্প পর্যালোচনা করছেন। তবে চূড়ান্ত চুক্তির আগে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন। এদিকে, বাইটড্যান্স টিকটক বিক্রিতে অনাগ্রহ প্রকাশ করেছে।
ডিবিটেক/বিএমটি







