পবিপ্রবিতে দুপক্ষের সংঘর্ষে আহত ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে পবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এতে উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম, বিএনপি নেতা জসিম উদ্দীন হাওলাদার, মতিউর রহমান দিপু গুরুতর জখম হয়। আহতদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর ইব্রাহিমের অবস্থা অবনতি হলে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় মতিউর রহমান দিপু বাদি হয়ে অপর গ্রুপের কয়েকজনের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, আলতাফ হোসেন চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান তার দুমকিতে তথা পবিপ্রবির ক্যাম্পাসে আগমন সম্পর্কে আমরা উপজেলা বিএনপি কিছুই জানি না।







