যবিপ্রবি শিক্ষার্থীদের সিনেমা ‘ইনফিনিটি’র আন্তর্জাতিক পুরস্কার জয়
দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব জয় করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের তৈরি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ইনফিনিটি’। ‘বেঁচে থাকতে হলে সবসময় ভালো কাজ করতে হবে’ বার্তা ছড়িয়ে দেয়া হয়েছেপ্রায় ১০ মিনিটের এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
চিত্র নাট্যে দেখা যায়, পরীক্ষার হলে বসা শিক্ষার্থী তার উত্তরপত্রে যে প্রশ্নের যে উত্তর দিতে চাইছেন তাতে দাগ দিতে পারছেন না। খাতায় প্রশ্ন ছিলো, শিক্ষার্থী তার পিতা-মাতার সেবা ও গরিবের সাহায্য করেছেন কি না, যার উত্তর সেই শিক্ষার্থী দিতে পারেনি। কারণ তিনি কখনো পিতামাতার সেবা বা গরিবদুঃখীদের সাহায্য করেনি। আর তৃতীয় প্রশ্ন ছিলো জীবনে কী ভালো কাজ করেছে, অনেক চেষ্টাতেও তার উত্তর দিতে পারেননি তিনি। আর এসব মহৎ কাজ না করার জন্য তাকে জাহান্নামে যেতে হবে এটা বোঝানো হয়েছে। এসব বিষয় নিয়েই নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যের এ সিনেমাটি।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের তিনজন শিক্ষার্থীর উদ্যোগে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকে কর্নাটক ইয়ুথ ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভাল ২০২১ এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড উইনার হিসাবে ঘোষণা করা হয়। এ সংবাদটি সম্প্রতি নির্মাতা শিক্ষার্থীদের ইমেইলের মাধ্যমে জানায় কর্তৃপক্ষ।
চলচ্চিত্রটির পরিচালনা ও চিত্রনাট্য লিখেছেন যবিপ্রবি শিক্ষার্থী রেদোয়ান উল্লাহ হিমেল। এতে অভিনয় করেছেন মাজহারুল ইসলাম আশিক ও বিন্তু ফাহিম।