প্রযুক্তির নিয়ন্ত্রণই পঞ্চম শিল্প বিপ্লবের মূল চ্যালেঞ্জ : মোস্তাফা জব্বার

২৭ জানুয়ারি, ২০২৩ ১৬:২৫  

ডিজিটাল মেলার দ্বিতীয় দিনে চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই চার সেমিনার নিয়েই আজ প্রথম বারের মতো মোবাইল কংগ্রেস করেছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হয় দুটি সেমিনার। ছুটির দিন শুক্রবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত মিডিয়া বাজারে অনুষ্ঠিত হয় ৫ম শিল্প বিপ্লব ও ৫জি অবকাঠামো নিয়ে আলোচনা।

এতে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, দক্ষতা ছাড়া কর্মক্ষম এবং কার্যক্রমে যুক্ত হওয়া অসম্ভব। যেকোনো ধরনের ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারা এবং তার অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করতে পারতে হবে।

এ সময় মন্ত্রী আরো বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত-চায়নার দিকে তাকালে বুঝতে পারি একটি কর্মক্ষম যুব সমাজ এবং দক্ষ যুব সমাজ একটি উন্নয়নশীল দেশ গঠনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।

তিনি আরো বলেন, প্রযুক্তি শ্রেষ্ঠতম অবস্থানে গেলেও তার নিয়ন্ত্রণ যেনো মানুষের কাছে থাকে। এটাই পঞ্চম শিল্প বিপ্লবের মূল চ্যালেঞ্জ। এর নিন্ত্রণ করবে তরুণরাই। এজন্য তাদেরকেই এমন যন্ত্র বানাতে হবে যার নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। এটা করতে সক্ষম হলে তরুণরাই হবে এই সভ্যতার নিয়ন্ত্রক।

মুল প্রবন্ধ উপস্থাপনা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম।

‘পঞ্চম শিল্প বিপ্লব ঘরে ঘরে ছড়িয়ে যাবে’উল্লেখ করে তিনি বলেন" বর্তমানের শ্রেষ্ঠ কোম্পানিগুলো প্রযুক্তি কেন্দ্রিক হওয়ায় বাংলাদেশের দরকার উদ্ভাবনী চিন্তাভাবনা এবং তার প্রয়োগ। চতুর্থ শিল্প বিপ্লব এবং পঞ্চম শিল্প বিপ্লবের মধ্যকার মূল পার্থক্য হল পঞ্চমশিল্প বিপ্লবে মানুষের হাতে নেতৃত্ব থাকবে মানুষ রোবটের সাথে একত্রিত হয়ে যেকোনো কাজ আরো কম সময়ে কম পরিশ্রমে করবে, চতুর্থ শিল্প বিপ্লবের সময় বিশ্ববাসী মানুষকে ছাড়িয়ে যন্ত্র সমাধানের যে পথ খুঁজছিল তা ছিল সম্পূর্ণ ভুল এবং পঞ্চম শিল্প বিপ্লবে এ ভুলটিরই সমাধান হয়েছে।

মূল প্রবন্ধের ওপর সেমিনারে মোবাইল অপারেটর রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম; ফাইভার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, হুয়াওয়ের প্রধান কারিগরী কর্মকর্তা মা জিয়ান, এবং বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান জুয়েল আলোচনা করেন ও ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব উল আলম।।

অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এমটবের সেক্রেটারি জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম ফরহাদ।