নীলপাখির সোনালী যাত্রা শুরু
গত বছরের ১২ ডিসেম্বর অর্থের বিনিময়ে ব্যক্তিগত অ্যাকাউন্টে নীল টিক দেওয়ার কার্যক্রম চালু করে টুইটার। এরপর ১ এপ্রিল থেকে অ্যাকাউন্ট থেকে পুরোনো নীল টিক মুছে ফেলার সিদ্ধান্ত নেয় খুদে ব্লগ লেখার প্লাটফর্মটি। অর্থের বিনিময়ে ভেরিফিকেশন ব্যবসায় খুব একটা সুবিধা করতে পারেনি এই নীল পাখি কর্তৃপক্ষ।
সেন্সর টাওয়ার জানিয়েছে, প্রথম ৩ মাসে ২০টি দেশের ফোন ব্যবহারকারীদের টুইটার অ্যাকাউন্টে নীল টিক যুক্ত করে ১ কোটি ১০ লাখ ডলার আয় করেছে টুইটার। এর মধ্যে বাৎসরিক নিবন্ধনকারীদের অর্থও রয়েছে। কম্পিউটার ব্যবহারকারীদের তথ্য না পাওয়ায় প্রকৃত আয়ের পরিমাণ জানা সম্ভব হয়নি। তবে এর পরিমাণ খুব বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে। ফলে অর্থের বিনিময়ে নীল টিক কার্যক্রমের সফলতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এমন পরিস্থিতির মধ্যেই অ্যাকাউন্টের পরিচিতি অন্যদের কাছে নিশ্চিত করতে চালু করা হয়েছে সোনালি টিক সুবিধা। ‘ভেরিফায়েড অর্গানাইজেশন’ নামের এ সুবিধা চালুর জন্য প্রতি মাসে খরচ হবে এক হাজার ডলার। সেবাটি আপাতত চালু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ব্রিটেনের জন্য। সেখানে ভেরিফায়েড অর্গানাইজেশন সুবিধার আওতায় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টেও সোনালি টিক যুক্ত করা যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিভিন্ন ব্যক্তিও নিজেদের টুইটার অ্যাকাউন্টে সোনালি টিক যুক্ত করতে পারবেন। তবে এ সুবিধা পেতে হলে অতিরিক্ত প্রতিটি সোনালি টিকের জন্য মাসে ৫০ ডলার খরচ করতে হবে।







