গ্রাহক তথ্যের ভবিষ্যৎ কী, জানাতে হবে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে

১৬ মার্চ, ২০২১ ১৪:১৩  

ডিজিটাল কমার্স পরিচালনায় স্বচ্ছতা, দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, ডিজিটাল ব্যবসার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, এইখাতে ভোক্তার আস্তা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূল বাজার তৈরির লক্ষ্যে 'ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১' এর অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

নতুন নীতিমালায় গ্রাহকের তথ্য ব্যবহারের ক্ষেত্রে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।

নীতিমালার অধ্যায় ৩ এ বলা হয়েছে বিক্রেতার ওয়েবসাইটে কোনো বিশেষ সফটওয়্যার বা কুকিস থাকলে তা ক্রেতাকে আগেই জানাতে হবে।

একই সঙ্গে কোনো পণ্য ক্রয়-বিক্রয়ের সময় গ্রাহকের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করার প্রয়োজন হলে কী কী তথ্য সংগ্রহ করা হবে, তথ্য কোথায় সংরক্ষিত থাকবে, পরবর্তীতে কোথায় ব্যবহার করা হবে এবং কোন প্রক্রিয়ায় তা প্রসেস করা হবে তা জানিয়ে ক্রেতার পূর্বানুমতি গ্রহণ করতে হবে।

এছাড়া ব্যক্তিগত তথ্য সংগ্রহের বিষয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন ক্রেতা দেখছেন তা নিশ্চিত হওয়ার জন্য ওয়েবসাইটে চেকবক্সের ব্যবস্থা থাকতে হবে বলে জানানো হয়েছে নতুন নীতিমালায়।

গ্রাহকের কতটুকু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করতে পারবে ডিজিটাল কমার্স প্রতিষ্ঠানগুলো সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি নতুন নীতিমালায়।

উল্লেখ্য, 'জাতীয় ডিজিটাল কমার্স (সংশোধিত) নীতিমালা ২০২০' এর অনুচ্ছেদ ৩.৩.৬ অনুসারে নতুন এই নীতিমালা প্রণয়ন করা হয়। নতুন এই নীতিমালা অবিলম্বে কার্যকরের নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।