আইসিটিডি’র ‘পরিচয়’ যাচাইকরণ অবকাঠামো ও সেবা সরাসরি ক্রয় অনুমোদন
মোট ৩৮৩৭ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার ৪২৫ টাকা ব্যয়ে ১৫ ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বুধবার (১৪ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ভার্চুয়াল সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এরমধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ১টি প্রকল্প রয়েছে। বিভাগের ‘পরিচয়’ প্ল্যাটফর্মটি ব্যবহার করে সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন হারে পরিষেবার মূল্য ও বণ্টন পদ্ধতি নির্ধারণ করার প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি।
সভা শেষে প্রকল্পটি বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক বলেন, ‘পরিচয়’ যাচাইকরণ অবকাঠামো ও সেবা সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। ‘পরিচয়’ যাচাইকরণ অবকাঠামো ও সেবা ‘ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ক্রয়ের প্রস্তাব চলতি বছর ৩০ মার্চ তারিখের সিসিইএ সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়।
অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৭তম এই সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।