নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার বৃদ্ধিতে চমক
বিশ্বজুড়ে স্ট্রিমিং সেবার নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান নেটফ্লিক্স নতুন করে ইতিহাস গড়েছে। ২০২৪ সালের শেষ প্রান্তিকে ১৮.৯ মিলিয়ন নতুন সাবস্ক্রাইবার যোগ হওয়ার পর বুধবার কোম্পানির শেয়ারের মূল্য ১৩% বৃদ্ধি পেয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। খবর রয়টার্স।
নেটফ্লিক্সের বিশ্বব্যাপী সাবস্ক্রাইবার সংখ্যা এখন ৩০১.৬ মিলিয়নে দাঁড়িয়েছে। ২০২৪ সালে শেয়ারের মূল্য ৮৩% বৃদ্ধির মাধ্যমে কোম্পানিটি প্রতিদ্বন্দ্বীদের থেকে এগিয়ে রয়েছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বাজারে প্যাকেজ মূল্য বৃদ্ধি ঘোষণা করেছে, যা রাজস্ব বাড়ানোর একটি উদ্যোগ।
খবরে বলা হয়, ২০২৪ সালে কোম্পানির উল্লেখযোগ্য সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সরাসরি স্পোর্টস ইভেন্ট সম্প্রচার। জেক পল এবং মাইক টাইসনের বক্সিং ম্যাচসহ বড়দিনে এনএফএল খেলার সম্প্রচার নেটফ্লিক্সকে ব্যাপক জনপ্রিয়তা দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, নেটফ্লিক্সের এই সাফল্য তাকে ভবিষ্যতে আরও বড় স্পোর্টস ইভেন্ট সম্প্রচারের পথে এগিয়ে নিয়ে যাবে। ইতোমধ্যে তারা ২০২৭ এবং ২০৩১ সালের ফিফা নারী বিশ্বকাপের সম্প্রচার রাইটস নিশ্চিত করেছে।
যদিও এই সাবস্ক্রাইবার বৃদ্ধি প্রত্যাশিত আয়ের চেয়ে বেশি আয় আনতে পারেনি, তবে বিজ্ঞাপন-সমর্থিত সাবস্ক্রিপশন এবং নতুন মূল্যের মাধ্যমে ২০২৫ সালে রাজস্ব বাড়ানোর আশা করছে নেটফ্লিক্স।
কোম্পানিটি এবার “স্ট্রেঞ্জার থিংস” এবং “ওয়েডনেসডে”-এর নতুন সিজন প্রকাশের প্রস্তুতি নিচ্ছে, যা তাদের অবস্থান আরও মজবুত করবে।







