ডিপ রিসার্চ নামে নতুন গবেষণা টুল আনলো ওপেনএআই
প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআই নতুন এক এআই টুল উন্মোচন করেছে, যার নাম “ডিপ রিসার্চ”। রবিবার চালু হওয়া এই টুলটি জটিল গবেষণা সংক্রান্ত কাজে সহায়তা করবে এবং ইন্টারনেটে বহুস্তর বিশ্লেষণ করতে পারবে। খবর রয়টার্স।
ওপেনএআই জানিয়েছে, “ডিপ রিসার্চ” আসন্ন ওপেনএআই ও৩ মডেলের একটি বিশেষ সংস্করণ দ্বারা চালিত, যা ওয়েব ব্রাউজিং ও তথ্য বিশ্লেষণে দক্ষ। ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট নির্দেশনা প্রদান করলে, ওপেনএআই-এর চ্যাটবট চ্যাটজিপিটি বিভিন্ন অনলাইন উৎস থেকে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংক্ষেপণ করবে এবং গবেষণা বিশ্লেষকের মতো একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবে।
প্রতিষ্ঠানটির মতে, এটি মাত্র কয়েক মিনিটে এমন কাজ সম্পন্ন করতে পারবে, যা একজন মানুষের বহু ঘণ্টা সময় লাগত। তবে, ওপেনএআই স্বীকার করেছে যে, টুলটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি কখনো কখনো নির্ভরযোগ্য উৎস ও গুজবের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হতে পারে এবং অনিশ্চয়তা বোঝানোর ক্ষেত্রে দুর্বলতা দেখাতে পারে।
রবিবার থেকে ওয়েব সংস্করণে “ডিপ রিসার্চ” চালু করা হয়েছে এবং ফেব্রুয়ারির মধ্যেই এটি মোবাইল ও ডেস্কটপ অ্যাপে যুক্ত করা হবে বলে জানিয়েছে ওপেনএআই।
উল্লেখ্য, এটি ওপেনএআই-এর এই বছরের দ্বিতীয় এআই এজেন্ট। এর আগে জানুয়ারিতে প্রতিষ্ঠানটি “অপারেটর” নামে আরেকটি টুল উন্মোচন করেছিল, যা টু-ডু লিস্ট তৈরি থেকে শুরু করে ভ্রমণ পরিকল্পনার মতো বিভিন্ন কাজ করতে সক্ষম।





