রাজশাহীর তানোরে কৃষকের খরা সহনশীল ধানের উদ্ভাবন

রাজশাহী: তীব্র পানিসংকট ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন আশার আলো দেখালেন রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই নিজের দীর্ঘ সাত বছরের নিরলস গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের জাত থেকে সংকরায়ণের মাধ্যমে তিনি খরা সহনশীল একটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন। ধানটির বৈশিষ্ট্য ও চাষপদ্ধতি তুলে ধরে নুর […] The post রাজশাহীর তানোরে কৃষকের খরা সহনশীল ধানের উদ্ভাবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

রাজশাহীর তানোরে কৃষকের খরা সহনশীল ধানের উদ্ভাবন
২০ নভেম্বর, ২০২৬ ১০:০০  

রাজশাহী: তীব্র পানিসংকট ও খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে নতুন আশার আলো দেখালেন রাজশাহীর তানোর উপজেলার কৃষক ও কৃষি গবেষক নুর মোহাম্মদ। প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি ছাড়াই নিজের দীর্ঘ সাত বছরের নিরলস গবেষণা ও প্রচেষ্টায় দেশি ধানের জাত থেকে সংকরায়ণের মাধ্যমে তিনি খরা সহনশীল একটি নতুন ধানের জাত উদ্ভাবন করেছেন।

ধানটির বৈশিষ্ট্য ও চাষপদ্ধতি তুলে ধরে নুর মোহাম্মদ জানান, বরেন্দ্র অঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় সেচ সংকট তীব্র হচ্ছে। প্রচলিত দেশি জাতগুলো খরা সহ্য করতে পারলেও ফলন কম হওয়ায় কৃষকরা তা চাষে আগ্রহী হন না। এই সংকট কাটাতে তিনি দেশি জাতের সংকরায়ণের মাধ্যমে এই ধানটি উদ্ভাবন করেছেন। এর জীবনকাল ১১৫ থেকে ১২০ দিন। এতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অত্যন্ত কম। কোনো ধরনের কৃত্রিম সেচ, রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই কেবল প্রাকৃতিক পানিতে এই ধান চাষ করে বিঘাপ্রতি (৩৩ শতাংশে) ২১ থেকে ২২ মণ পর্যন্ত ফলন পাওয়া সম্ভব বলে দাবি করেন নুর।

এর আগেও তিনি ‘নুর-১’ ও ‘নুর-২’ নামে দুটি ধানের জাত উদ্ভাবন করে আলোচনায় এসেছিলেন। তবে এই জাতের এখনো কোনো নাম দেওয়া হয়নি বলে জানান তিনি। পাশাপাশি সরকারি স্বীকৃতির জন্যও তিনি আবেদন করার পরিকল্পনার বিষয়টিও জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তানোর উপজেলার গোল্লাপাড়া পূর্ব মাঠে নুর মোহাম্মদের ১৫ শতাংশ পরীক্ষামূলক জমিতে এই নতুন জাতের ধানের ওপর এক ‘মাঠ দিবস’ ও ফসল কাটা উৎসব অনুষ্ঠিত হয়। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ (বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ) এবং ‘নুর মোহাম্মদ কৃষি পরিষেবা’ যৌথভাবে এর আয়োজন করে। অনুষ্ঠানে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার প্রায় ৮০ জন কৃষক-কৃষানি, কৃষি বিভাগের কর্মকর্তা ও গবেষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবস পরবর্তী আলোচনা সভায় বারসিকের প্রোগ্রাম অফিসার (কৃষি) অমৃত কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল এবং বারসিকের বরেন্দ্র অঞ্চল সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম।

কৃষি কর্মকর্তা সুভাষ কুমার মন্ডল বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ায় কম পানিতে উৎপাদনযোগ্য ফসলের জাত উদ্ভাবন এখন সময়ের দাবি। নুর মোহাম্মদের এই গবেষণা এ অঞ্চলের কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে। বিষয়টি নিয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা ও প্রয়োজনীয় সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে।’

বারসিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম কৃষক-নেতৃত্বাধীন এই গবেষণাকে কৃষি নীতিমালায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি কৃষক গবেষকদের রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

পরীক্ষামূলক খেতের ফসল দেখে স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তানোরের তাতিয়াপাড়া গ্রামের কৃষক নির্মল চন্দ্র আগামী মৌসুমে নিজের জমিতে চাষের জন্য নুর মোহাম্মদের কাছ থেকে ৫ কেজি বীজ সংগ্রহ করেছেন। গোল্লাপাড়া হালদারপাড়া গ্রামের নারী কৃষক শ্রীমতী অসীমা রাণী হালদার মনে করেন, সেচ ও কীটনাশক ছাড়া এই ধান চাষ করা গেলে উৎপাদন খরচ যেমন কমবে, তেমনি নিরাপদ খাদ্য উৎপাদনও নিশ্চিত হবে।

The post রাজশাহীর তানোরে কৃষকের খরা সহনশীল ধানের উদ্ভাবন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.