দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার
ঢাকা: বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। এ সময় তিনি বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে […] The post দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: বাংলাদেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
এ সময় তিনি বৈধ পথে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বাড়াতে এবং রিজার্ভকে আরও শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন নীতিগত সংস্কার ও কার্যকর উদ্যোগের বিস্তারিত বিবরণ দেন।
সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজার্ভ বৃদ্ধির তুলনামূলক চিত্র উপস্থাপন করে জানান, ২০২৪ সালের ৮ আগস্ট বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। সরকারের ধারাবাহিক অর্থনৈতিক ও নীতিগত সংস্কারের ফলে ২০২৬ সালের ১৯ অক্টোবর পর্যন্ত হিসাবে দেশের রিজার্ভ বৃদ্ধি পেয়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের শ্রমবাজারের এই গুরুত্বপূর্ণ খাতটি চালুর ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনিই প্রথম বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করেছিলেন।
রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি ও হুন্ডি প্রতিরোধে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘বৈধ চ্যানেলে অর্থ প্রেরণ উৎসাহিত করা, লেনদেন প্রক্রিয়া সহজ করা এবং প্রবাসীদের দ্রুত অর্থপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার নানামুখী সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে। এর অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস এবং মানি ট্রান্সফার অপারেটরদের মাধ্যমে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে। এর ফলে বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানোর নতুন সংযোগ যুক্ত হওয়া সহজতর হচ্ছে এবং প্রবাসীদের জন্য অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ার পাশাপাশি প্রতিযোগিতা সৃষ্টি হওয়ায় অর্থ স্থানান্তরের খরচও কমে এসেছে।’
তারেক রহমান আরও জানান, বৈধ পথে রেমিট্যান্স প্রবৃদ্ধি ধরে রাখতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ সহায়তা বা প্রণোদনা প্রদান অব্যাহত রেখেছে। এছাড়াও কম খরচে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার হিসাবে রেমিট্যান্স পৌঁছানোর লক্ষ্যে এক্সচেঞ্জ হাউসগুলোর মাধ্যমে অর্থ পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক বিশেষ সার্কুলার জারি করেছে।
রেমিট্যান্স প্রবাহকে আরও গতিশীল ও নিরবচ্ছিন্ন রাখতে নতুন ধারণা, আধুনিক প্রযুক্তি এবং সহজ মাধ্যম নিয়ে সরকারের উদ্ভাবনী কার্যক্রম চলমান রয়েছে বলে প্রধানমন্ত্রী সংসদকে অবহিত করেন।
The post দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





