ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০০ […] The post ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩
১৮ নভেম্বর, ২০২৬ ১৫:০০  

ঢাকা: রাজধানীর মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ে হামলা ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও কার্যালয়ের কর্মকর্তারা বলেন, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে লাঠিসোঁটা, ইট-পাটকেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত ১০০ থেকে ১৫০ জনের একটি দল আকস্মিকভাবে ভবনটিতে হামলা চালায়। হামলাকারীরা ভবনের সামনের কাচের দেয়াল এবং লিফটের চারপাশের ঘেরাও ভাঙচুর করে। এ সময় তারা ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা চালালেও দরজা বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারেনি। ভবনের সামনে ভাঙা কাচের টুকরো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

ডিএনসিসি প্রশাসক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টনের কার্যালয়ের দফতর সম্পাদক মোহাম্মদ মামুন পাটোয়ারী জানান, সম্ভাব্য হামলার বিষয়ে গত এক সপ্তাহ ধরে তাদের কাছে বিভিন্ন গোয়েন্দা তথ্য ছিল। এ কারণে দলীয় নির্দেশনায় বিভিন্ন থানার নেতাকর্মীরা সতর্ক অবস্থানে ছিলেন এবং ঘটনার সময়ও ভবনে অবস্থান করছিলেন।

মামুন পাটোয়ারী অভিযোগ করে বলেন, সকাল ৮টা ৫৫ মিনিটের দিকে হঠাৎ ২০ থেকে ২৫ জন পুরুষ এবং শতাধিক নারী ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর আক্রমণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আমরা সরে যেতে বাধ্য হই। পুলিশকে তাৎক্ষণিক জানানো হলেও হামলার বেশির ভাগ ঘটনা ঘটে যাওয়ার পর তারা ঘটনাস্থলে আসে।

হামলার কারণ সম্পর্কে তিনি দাবি করেন, ভবনের আশপাশের অন্য স্থাপনার তুলনায় তাদের কার্যালয়েই সবচেয়ে বেশি ভাঙচুর চালানো হয়েছে এবং ভবনে থাকা মিল্টনের ছবিগুলোও ভেঙে ফেলা হয়েছে। এ থেকে স্পষ্ট যে, মূলত শফিকুল ইসলাম খান মিল্টনকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। সম্প্রতি ফুটপাত দখলমুক্ত করতে চালানো উচ্ছেদ অভিযানের জেরে এই হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

এদিকে, হামলার পর থেকে ভবনটিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেখানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

 

 

The post ডিএনসিসি প্রশাসক মিল্টনের কার্যালয়ে হামলা ও ভাঙচুর, আহত ৩ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.