হৃদয়ের ফিফটি, মুশফিকের রেকর্ড— দিনের দ্বিতীয় সেশন বাংলাদেশের

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ফিফটি—সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও অর্ধশতক করার কীর্তি গড়লেন তিনি। অন্য প্রান্তে নতুন ইতিহাস লিখেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। দুজনের দৃঢ়তায় টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনটি নিজেদের করে নিয়েছে […] The post হৃদয়ের ফিফটি, মুশফিকের রেকর্ড— দিনের দ্বিতীয় সেশন বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

হৃদয়ের ফিফটি, মুশফিকের রেকর্ড— দিনের দ্বিতীয় সেশন বাংলাদেশের
৯ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ফিফটি—সিলেট টেস্টে তাওহীদ হৃদয়ের ব্যাটে রেকর্ডের পর রেকর্ড। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও অর্ধশতক করার কীর্তি গড়লেন তিনি। অন্য প্রান্তে নতুন ইতিহাস লিখেছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। দুজনের দৃঢ়তায় টেস্টের পঞ্চম দিনের দ্বিতীয় সেশনটি নিজেদের করে নিয়েছে বাংলাদেশ।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৬৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে আজ লাঞ্চের আগে ৪৯ রানে ২ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর আর কোনো বিপদ হতে দেননি হৃদয় ও মুশফিক। দ্বিতীয় সেশনে ৩৪ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ১১৩ রান যোগ করেন তাঁরা। চা-বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ৪৮ ওভারে ২ উইকেটে ১৬২ রান।

৮২ রানে অপরাজিত হৃদয় খেলেছেন ১৩০ বল। তাঁর ইনিংসে আছে আটটি চার। অন্য প্রান্তে মুশফিক ৯৯ বলে ৪০ রান নিয়ে অপরাজিত। চারটি বাউন্ডারি এসেছে তাঁর ব্যাট থেকে। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ১১৩ রান। দিনের খেলা বাকি ৩০ ওভার। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন আরও ২০৭ রান, ওয়েস্ট ইন্ডিজের দরকার ৮ উইকেট। ম্যাচের পরিস্থিতিতে ড্রয়ের সম্ভাবনাই এখন বেশি।

প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলা হৃদয় দ্বিতীয় ইনিংসে ফিফটি পূর্ণ করেন ৮১ বলে। তাতেই গড়েন বিরল এক কীর্তি। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করতে পারেননি। মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান—দেশের আগের তিন ডাবল সেঞ্চুরিয়ানের কেউই ডাবল সেঞ্চুরির পরের ইনিংসে ফিফটি করতে পারেননি।

এবারের টেস্টে দুই ইনিংস মিলিয়ে হৃদয়ের রান দাঁড়িয়েছে ৩২৪। বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। এত দিন ২৮১ রান নিয়ে শীর্ষে ছিলেন মুমিনুল হক। মজার ব্যাপার, মুমিনুলের অনুপস্থিতিতেই এই টেস্টে খেলার সুযোগ পেয়েছিলেন হৃদয়। কনকাশন প্রটোকলের কারণে সিলেট টেস্টে খেলতে পারেননি অভিজ্ঞ এই ব্যাটার।

হৃদয়ের টেস্টে মাইলফলক ছুঁয়েছেন মুশফিকুর রহিমও। টেস্টে সাত হাজার রান পূর্ণ করেছেন অভিজ্ঞ ক্রিকেটার। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন ৩৯ বছর বয়সী ব্যাটার। ১০৪ টেস্টের ১৯৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছালেন তিনি।

The post হৃদয়ের ফিফটি, মুশফিকের রেকর্ড— দিনের দ্বিতীয় সেশন বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.