বাজারে শীতের সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে ডিমের দাম

ঢাকা: বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশির ভাগ সবজির দাম। তবে কিছু সবজির দাম অপরিবর্তীত আছে। অন্যদিকে, ডিমের দাম কমলেও মাছ-মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে ইলিশের দাম এখনো চড়া। দেশি প্রজাতির নদীর মাছ কিনতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র […] The post বাজারে শীতের সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে ডিমের দাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

বাজারে শীতের সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে ডিমের দাম
৬ নভেম্বর, ২০২৬ ১৬:০০  

ঢাকা: বাজারে বাড়তে শুরু করেছে শীতকালীন সবজির সরবরাহ। এতে গত সপ্তাহের তুলনায় কমেছে বেশির ভাগ সবজির দাম। তবে কিছু সবজির দাম অপরিবর্তীত আছে। অন্যদিকে, ডিমের দাম কমলেও মাছ-মাংসের বাজার অপরিবর্তিত রয়েছে। বাজারে ইলিশের দাম এখনো চড়া। দেশি প্রজাতির নদীর মাছ কিনতে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বাসাবো বাজার ঘুরে দেখা গেছে, আগাম শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম তুলনামূলক কমেছে। বিশেষ করে যে শিম আগে বিক্রি হতো ১৫০ টাকা কেজিতে তা বাজারভেদে ৬০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি পিস ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকা। মুলা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৪০ থেকে ৬০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ধুন্দল, ঝিঙা ও মেটে আলু ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। বেগুনের দাম জাত ও আকারভেদে ৪০ থেকে ৭০ টাকা হলেও গোল বেগুনের কেজি ১২০ টাকা।

অন্যদিকে টমেটো ও কাঁচামরিচের কেজি ১২০ টাকা করে। গাজর বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। প্রতি কেজি দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি ঢ্যাঁড়স ও কচুমুখি ৫০ থেকে ৬০ টাকা, বরবটি, করলা ও কাঁকরোল ৬০ থেকে ৮০ টাকা। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে ৩০ টাকা, মিষ্টিকুমড়া ৩০ থেকে ৪০ টাকা এবং আলু ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতা আব্দুর রহিম বলেন, ‘শীতকালীন সবজির সরবরাহ এখন অনেক বেড়েছে। এ কারণে বেশ কিছু সবজির দাম আগের তুলনায় কমেছে। বাজারে সরবরাহ আরও বাড়লে সামনের দিনগুলোতে দাম আরও কমতে পারে।’

বিক্রেতা ইসমাইল হোসেন বলেন, এখনো সব ধরনের শীতকালীন সবজি পুরোপুরি বাজারে আসেনি। সরবরাহ বাড়লে দাম আরও কমবে। ফুলকপি ও বাঁধাকপি এখন আকারভেদে প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি হিসেবে এসব সবজির দাম ৬০ টাকা।

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মাছের বাজারে তেমন পরিবর্তন নেই। আগের সপ্তাহের কাছাকাছি দামেই বিক্রি হচ্ছে অধিকাংশ মাছ। প্রতি কেজি রুই মাছ আকারভেদে ২৮০ থেকে ৩৮০ টাকা, বড় তেলাপিয়া ১৮০ থেকে ২০০ টাকা, সিলভার কার্প ও গ্রাস কার্প ১৮০ থেকে ২০০ টাকা এবং পাঙ্গাশ ১৬০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা, চাষের কই ২০০ থেকে ২২০ টাকা এবং পাবদা ৩৮০ থেকে ৪২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। তবে ইলিশের দাম এখনো বেশ চড়া। আকার ও মানভেদে প্রতি কেজি ইলিশের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা। কোনো কোনো বাজারে বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত।

মাংসের বাজারেও দামের তেমন পরিবর্তন নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৪০ থেকে ৩৩০ টাকা। এ ছাড়া গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় এসব পণ্যের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি।

বিভিন্ন বাজারে ফার্মের ডিমের ডজন ১২০–১৩০ টাকায় বিক্রি হয়েছে। ডিম বিক্রেতা পলাশ বলেন, দেড় মাসের ব্যবধানে ডজন প্রতি ডিমের দাম ২০–৩০ টাকা কমেছে। সবজির দাম কমায় মানুষের খাদ্য ব্যয়ের চাপ কিছুটা কমেছে, যার প্রভাব ডিমের চাহিদা ও দামে পড়েছে। তবে ফুটপাতের দোকানে সিদ্ধ ডিম এখনো বাড়তি দামে প্রতিটি ২০–২৫ টাকায় বিক্রি হচ্ছে।

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ৫ নভেম্বরের খুচরা বাজারদরের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ, কাঁচামরিচ, বেগুন, ফার্মের ডিম, ছোলা, সুগন্ধি পোলাও চাল ও আমদানি করা আদার দাম কমেছে। অন্যদিকে প্যাকেট ময়দা, খোলা পাম অয়েল ও চিনির দাম কিছুটা বেড়েছে। তবে অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের সপ্তাহের মতোই অপরিবর্তিত রয়েছে।

The post বাজারে শীতের সবজিতে ফিরছে স্বস্তি, কমেছে ডিমের দাম first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.