পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এপিআই কানেকটিভিটি বৃদ্ধি
পুঁজিবাজারের বিদ্যমান ও চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধানে এবার গুরুত্ব পাচ্ছে তালিকাভূক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে এপিআই কানেকটিভিটি বৃদ্ধি, ই-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকের তথ্য সংগ্রহ ও অনলাইনে বিও অ্যাকাউন্ট খোলার ওপর। এছাড়াও কমোডিটি এক্সচেঞ্জ চালুকরণ, পুঁজিবাজারের পুঁজিবাজারে রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলোকে তালিকাভুক্তকরণ, মার্জার ও একুইজিশন ও মিউচুয়াল ফান্ড খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে পুঁজিবাজারের অংশীজনদের পঞ্চম মাসিক সমন্বয় সভায়।
রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি’র মাল্টিপারপাস হলে ১৮ জানুয়ারি, রবিবার এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরীপুঁজিবাজারের বিদ্যমান ও চিহ্নিত প্রতিবন্ধকতা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে পুঁজিবাজার উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
বিএসইসিকে অধিকতর শক্তিশালীকরণ ও পুঁজিবাজার উন্নয়নের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক গঠিত কমিটির সভাপতি আনিসুজ্জামান চৌধুরী বলেন, চিহ্নিত সমস্যাগুলো সমাধানে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অংশীজনদের সমন্বয় সভা আয়োজনের মূল উদ্দেশ্যই হচ্ছে সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা। এ ধরনের একটি কার্যকর ব্যবস্থা চালু করতে পারায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, নতুন তিনটি বিধিমালা পুঁজিবাজারের আইনি সংস্কারে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তিনি উল্লেখ করেন, আইপিও পুঁজিবাজারের কেন্দ্রবিন্দু এবং নতুন বিধিমালার ফলে আইপিও কার্যক্রম আরও গতিশীল হবে। এই সুযোগ কাজে লাগাতে বাজার সংশ্লিষ্টদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় বিএসইসি কমিশনার মু. মোহসিন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ, মো. সাইফুদ্দিনসহ ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএল, সিসিবিএল, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেএনএস/ ইকে







