র্যাগিং ও সাইবার বুলিং
র্যাগিংয়ে পবিপ্রবির ১১ শিক্ষার্থী দণ্ডিত
- র্যাগিং, নির্যাতন ও সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থী শাস্তি পেয়েছেন
- অর্থদণ্ড ৫ হাজার থেকে ২০ হাজার টাকা
- জরিমানা অনাদায়ে এক থেকে চার সেমিস্টার বহিষ্কার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিং, শারীরিক ও মানসিক নির্যাতন এবং সাইবার বুলিংয়ের অভিযোগে ১১ শিক্ষার্থীকে বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের এক থেকে চার সেমিস্টার পর্যন্ত বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৬ অক্টোবর, সোমবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪২তম সভার সিদ্ধান্তের ভিত্তিতে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব শাস্তি দেওয়া হয়েছে।
অফিস আদেশ অনুযায়ী, প্যারিস রোড, এম. কেরামত আলী হল এবং হলের বাইরে একাধিকবার র্যাগিংয়ের ঘটনায় কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মইন উদ্দিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তাঁকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে। একই শিক্ষাবর্ষের এএইচএম সামিউল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই সেমিস্টার বহিষ্কারের শাস্তি দেওয়া হয়েছে।
একই ঘটনায় ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মুনতাসির মাহমুদকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই সেমিস্টার বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ওই আদেশে ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. আহসান হাবীব লিংকন এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তানফিজ নুর রাতুল ও মো. আহনাফ শাহরিয়ারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁদের এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
র্যাগিংয়ের পরিকল্পনা, নেতৃত্ব ও নির্যাতনে সংশ্লিষ্টতার অভিযোগে ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল মিয়া ও নাঈম হোসেন রুম্মান এবং ইএসডিএম অনুষদের শিক্ষার্থী ফাইয়াজ মাহমুদ শহীদকে ১৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের তিন সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একই ঘটনায় ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী মিতুল পালকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। জরিমানা পরিশোধ না করলে তাঁকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
অন্যদিকে, সাইবার বুলিং, হুমকি ও হয়রানির অভিযোগে এলএলএ অনুষদের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মহিউদ্দিন আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাঁকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হবে।
অফিস আদেশে আরও বলা হয়েছে, শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত হলে তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে তাঁদের অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত থাকবে।
//ডিবিটেক/ডিসিপিআর/এসএমই/এমআইএসটি//





