হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে রিলস শেয়ারের সরাসরি শর্টকাট
মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার্থে চ্যাটের ‘পেপারক্লিপ’ বা অ্যাটাচমেন্ট মেনুতে এক নতুন শর্টকাট বাটন যুক্ত করার কাজ করছে। এই আপডেটের ফলে ব্যবহারকারীরা অন্য কোনো অ্যাপে না গিয়ে সরাসরি চ্যাটের ভেতর থেকেই সম্প্রতি দেখা, সেভ করা এবং পছন্দ করা ইনস্টাগ্রাম রিলস সহজে ব্রাউজ ও শেয়ার করতে পারবেন।
অ্যান্ড্রয়েডের নতুন বিটা সংস্করণে (v2.26.42.9) ইতিমধ্যেই নতুন এই ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে।
অ্যাটাচমেন্ট মেনুতে আলাদা বাটন ও কার্যপদ্ধতি
এতদিন হোয়াটসঅ্যাপে যেকোনো রিলস ভিডিও শেয়ার করতে গ্যালারি বা মিডিয়া পিকারের ভেতর ঢুকে নির্দিষ্ট সেকশন থেকে তা বেছে নিতে হতো। নতুন আপডেটে চ্যাটের অ্যাটাচমেন্ট মেনুর ভেতরেই সরাসরি ‘Reels’ নামের একটি পৃথক বাটন যুক্ত থাকবে।
তবে এই সুবিধা উপভোগ করতে হলে ব্যবহারকারীকে অবশ্যই তাঁদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মেটার মূল ‘অ্যাকাউন্টস সেন্টার’-এর সঙ্গে সংযুক্ত রাখতে হবে। যাঁরা দুটি অ্যাপ পৃথক রাখতে চান, তাঁরা লিঙ্ক না করেই স্বাভাবিকভাবে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন; সেক্ষেত্রে চ্যাটবক্সে এই বিশেষ শর্টকাটটি প্রদর্শিত হবে না।
পরীক্ষামূলক ব্যবহার ও উন্মুক্তের পরিকল্পনা
বর্তমানে ফিচারটি গুগল প্লে স্টোরের মাধ্যমে বেছে নেওয়া নির্দিষ্ট কিছু অ্যান্ড্রয়েড বিটা ব্যবহারকারীর ওপর পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এটি পর্যায়ক্রমে বিশ্বজুড়ে সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, মেটার এই পদক্ষেপের ফলে ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে তথ্য ও কনটেন্ট আদান-প্রদান আরও সহজ ও নিরবচ্ছিন্ন হয়ে উঠবে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: গ্যাজেটস৩৬০





