এক অ্যাপেই মিলবে জেলা প্রশাসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টসহ নানা নাগরিক সেবা 

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ

ঢাকার জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, এনজিও ও লাইসেন্সিং সেবা, নামজারি, অর্পিত সম্পত্তি ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন নাগরিক সেবা এখন এক জায়গাতেই মিলবে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

নাগরিক সেবায় চালু হলো ‘হ্যালো ডিসি’ মোবাইল অ্যাপ
২১ জুলাই, ২০২৬ ১৬:১৪  

ঢাকার জেলা প্রশাসনের সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করতে চালু হয়েছে ‘হ্যালো ডিসি’ (Hello DC) মোবাইল অ্যাপ। অ্যাপটির মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে, পাশাপাশি এনজিও ও লাইসেন্সিং সেবা, নামজারি (মিউটেশন), অর্পিত সম্পত্তি ও আর্থিক সহায়তাসহ নানা ধরনের নাগরিক সেবা মিলবে এক অ্যাপেই। জেলা প্রশাসন জানিয়েছে, এক ক্লিকেই নাগরিকরা ঘরে বসে এসব সেবা নিতে পারবেন।

২১ জুলাই, মঙ্গলবার ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে কেক কেটে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। এ সময় জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম তার সঙ্গে ছিলেন।

অ্যাপটি ধাপে ধাপে আরও সমৃদ্ধ করা হবে বলে জানানো হয়েছে। ভবিষ্যতে নতুন সেবা যুক্ত করে এটিকে জেলা প্রশাসনের একটি সমন্বিত ডিজিটাল সেবা প্ল্যাটফর্মে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।

অ্যাপ উদ্বোধনের পর বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা বলেন, “নাগরিক সেবাকে সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে ‘হ্যালো ডিসি’ অ্যাপ একটি সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ জেলা প্রশাসনের সেবাকে মানুষের আরও কাছে পৌঁছে দেবে এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

তিনি বলেন, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জনগণের ভোগান্তি কমানো এবং সেবার মান উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে। ‘হ্যালো ডিসি’ অ্যাপ সেই প্রচেষ্টারই একটি কার্যকর উদাহরণ উল্লেখ করে এই উদ্যোগ সফল করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, নাগরিকদের মতামত ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির মাধ্যমে একটি কার্যকর ডিজিটাল সেবাব্যবস্থা গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, “জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের সময়, খরচ ও হয়রানি কমবে। জেলা প্রশাসনকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সেবামুখী করতেই ‘হ্যালো ডিসি’ অ্যাপ চালু করা হয়েছে।”

প্রাথমিকভাবে অ্যাপটি hellodc.bd ওয়েবসাইট থেকে সরাসরি নামানো যাবে। পরীক্ষা-নিরীক্ষা ও পর্যালোচনার প্রক্রিয়া শেষ হলে এটি শিগগিরই গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরেও পাওয়া যাবে। এ ছাড়া ঢাকা জেলা প্রশাসনের অফিশিয়াল ফেসবুক পাতা থেকেও নাগরিকরা অ্যাপটি নামিয়ে সেবা নিতে পারবেন। পাশাপাশি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি ০১৯৬১৬০৬০৬০ নম্বরে কল করেও সেবা পাওয়ার সুযোগ রয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘হ্যালো ডিসি’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা সরাসরি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। ব্যবহারকারীরা ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা, ত্রাণ, সামাজিক নিরাপত্তা, লাইসেন্স প্রদান এবং জনসাধারণের অভিযোগ সম্পর্কিত আবেদন, অভিযোগ ও পরামর্শ জমা দেওয়ার পাশাপাশি সরাসরি নিজেদের আবেদনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সুবিধাও রাখা হয়েছে।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে অ্যাপটির আধুনিকায়ন করা হবে এবং ভবিষ্যতে নতুন নতুন সেবা যুক্ত করে এটিকে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল সেবা কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা রয়েছে।
//ডিবিটেক/বিএসটি/এসএমই//