জাপানের ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কৃত্রিম তন্তু ও প্রযুক্তিগত টেক্সটাইলে জোর

  • ম্যান-মেড ফাইবার ও টেকসই পোশাক খাতে ইউনিক্লোকে বিনিয়োগের আহ্বান
  • ফাস্ট রিটেইলিংয়ের প্রধান নির্বাহী তাদাশি ইয়ানাইয়ের সঙ্গে জাপানে প্রধানমন্ত্রীর বৈঠক
  • প্রযুক্তি হস্তান্তর ও বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) জোরদার

কৃত্রিম তন্তু ও প্রযুক্তিগত টেক্সটাইলে জোর
২৮ অক্টোবর, ২০২৬ ১০:৪১  

ম্যান-মেড ফাইবার (কৃত্রিম তন্তু), টেকনিক্যাল টেক্সটাইল এবং টেকসই পোশাক উৎপাদন খাতে বাংলাদেশে নতুন বিনিয়োগের জন্য জাপানের বিশ্বখ্যাত পোশাক প্রস্তুতকারক ও খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৮ অক্টোবর, বুধবার জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাংবাদিকদের জানান, সাক্ষাৎকালে বাংলাদেশে তৈরি পোশাক খাতের প্রযুক্তিগত আধুনিকায়ন ও পরিবেশবান্ধব উৎপাদনের অগ্রযাত্রায় জাপানি বিনিয়োগকে বিশেষভাবে স্বাগত জানানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, দুই দেশের মধ্যকার বাণিজ্যিক অংশীদারত্ব নতুন মাত্রায় উন্নীত করতেই এই দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের প্রতি ইউনিক্লোর ধারাবাহিক আস্থা এবং ফাস্ট রিটেইলিংয়ের সাথে বাংলাদেশের দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পৃক্ততার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে পোশাক খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তি ও ডিজিটাল উৎপাদন ব্যবস্থা প্রসারে বিশেষ জোর দেওয়া হয়। আলোচনায় প্রযুক্তি হস্তান্তর, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন, পণ্যের ডিজিটাল উদ্ভাবন, উন্নত উৎপাদনব্যবস্থা এবং টেকসই পরিবেশবান্ধব প্রক্রিয়ায় দুই দেশের প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে। তা ছাড়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

উচ্চপর্যায়ের এই বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জাপানি প্রতিনিধিদলে ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের পরিচালক তাকেশি ওকাজাকি এবং গ্রুপ সিনিয়র এক্সিকিউটিভ অফিসার ইয়োশিহিরো কুনিই উপস্থিত ছিলেন। শিল্প খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের পোশাক খাত বৈশ্বিক বাজারে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

//ডিবিটেক/বিএসএসআর/এসএমই/এফওই//