সুন্দরবনের কটকায় রাতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা
বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টায় চার রাউন্ড গুলিবর্ষণ করে হামলার চেষ্টা পণ্ড করে দিয়েছেন বনরক্ষীরা। শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এ ঘটনাটি ঘটে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বিষয়টি নিশ্চিত […] The post সুন্দরবনের কটকায় রাতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা first appeared on Sarabangla | Br

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টায় চার রাউন্ড গুলিবর্ষণ করে হামলার চেষ্টা পণ্ড করে দিয়েছেন বনরক্ষীরা।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এ ঘটনাটি ঘটে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার তানভির হাসান ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে অজ্ঞাত পরিচয়ের একটি বনদস্যু বাহিনীর সদস্যরা ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করা ‘দি ওয়েভ-২’ জাহাজের দিকে এগোতে থাকে। সাগরে থাকা জেলেরা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক মোবাইল ফোনে বন বিভাগকে খবর দেন।
সংবাদ পেয়ে বনরক্ষীরা দ্রুত নিজেদের বোট নিয়ে বনদস্যুদের ধাওয়া করেন এবং তাদেরকে লক্ষ্য করে চার রাউন্ড গুলিবর্ষণ করেন। বনরক্ষীদের পাল্টা গুলির মুখে দস্যুরা তাদের ট্রলারের গতিপথ ঘুরিয়ে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়। বর্তমানে ‘দি ওয়েভ-২’ সহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকায় নিরাপদে অবস্থান করছে।
জাহাজ দুটিতে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন ‘দি ওয়েভ-২’ জাহাজের মাস্টার মো. শামীম আলম।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের আসার ঘটনাটি অত্যন্ত আশঙ্কাজনক। এর আগে এমন ঘটনা ঘটেনি। সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। দস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাত্রিকালীন টহল জোরদার ও চালু করা জরুরি।’
The post সুন্দরবনের কটকায় রাতে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





