নিরাপত্তা নিশ্চিতে বাজেট বৃদ্ধি করছে প্রতিষ্ঠানগুলো

এশিয়া-প্যাসিফিকের ৮৭ শতাংশ এসএমবি সাইবার হামলার শিকার

  • সফটওয়্যার ত্রুটি, ফিশিং ও ম্যালওয়্যার আক্রমণে জর্জরিত ছোট-মাঝারি প্রতিষ্ঠান
  • নিরাপত্তা ঝুঁকিতে ৭৪ শতাংশ ব্যবসাপ্রতিষ্ঠান সাইবার অবকাঠামো জোরদারের উদ্যোগ নিচ্ছে
  • কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত সমাধানে ৭৮ শতাংশ প্রতিষ্ঠান নিরাপত্তা বাজেট বাড়িয়েছে

এশিয়া-প্যাসিফিকের ৮৭ শতাংশ এসএমবি সাইবার হামলার শিকার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৪:১৪  

কম্পিউটিং অবকাঠামোয় সফটওয়্যার আর্কিটেকচারের দুর্বলতা এবং এআই প্রযুক্তির অপব্যবহারের সুযোগ নিয়ে এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের ৮৭ শতাংশ ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানে (এসএমবি) সাইবার অনুপ্রবেশ ও সাইবার হামলা সংঘটিত হয়েছে।

২৩ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার): আন্তর্জাতিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি ১৮টি দেশের এসএমবি ও বৃহৎ করপোরেট প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা বিশেষজ্ঞদের ওপর পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানগুলো গত এক বছরে গড়ে তিন ধরনের সাইবার নিরাপত্তা জটিলতার সম্মুখীন হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ সফটওয়্যারের অভ্যন্তরীণ ত্রুটিকে কাজে লাগিয়ে চালানো এক্সপ্লয়েট, ১৯ শতাংশ ফিশিং এবং ১৮ শতাংশ প্রতিষ্ঠান বৃহৎ পরিসরের ম্যালওয়্যার সংক্রমণের শিকার হয়েছে। এছাড়া ৬ শতাংশ প্রতিষ্ঠান জটিল জিরো-ডে এক্সপ্লয়েট হামলার মুখোমুখি হয়েছে।

জরিপ অনুযায়ী, ২৬ শতাংশ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি বহির্ভূত সাধারণ কর্মীদের সাইবার সচেতনতার অভাবকেই প্রধান প্রযুক্তিগত ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি আইটি নিরাপত্তাকর্মীদের দক্ষতার ঘাটতি ২৪ শতাংশ, পুরোনো সফটওয়্যার বা লেগ্যাসি হার্ডওয়্যার ব্যবহার ২৩ শতাংশ, নিয়মিত ঝুঁকি মূল্যায়নের অভাব ২২ শতাংশ এবং প্রয়োজনীয় নিরাপত্তা সফটওয়্যারের অনুপস্থিতি ২২ শতাংশ প্রতিষ্ঠানকে ঝুঁকির মুখে ফেলেছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ৭৫ শতাংশ প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সক্ষমতা বাড়াচ্ছে এবং চলতি বছর ৭৮ শতাংশ এসএমবি নিজস্ব নিরাপত্তা বাজেট বাড়িয়েছে। যার মধ্যে ৪৮ শতাংশ আইটি টিম সম্প্রসারণে এবং ৩২ শতাংশ প্রতিষ্ঠান এক্সডিআর, এনডিআর ও এসআইইএম-এর মতো আধুনিক স্বয়ংক্রিয় ফ্রেমওয়ার্কে বিনিয়োগ করেছে।

ক্যাসপারস্কির ইউনিফায়েড প্ল্যাটফর্ম প্রোডাক্ট লাইনের প্রধান ইলিয়া মার্কেলভ বলেন, "এখন যেকোনো আকারের প্রতিষ্ঠানই সাইবার হামলার লক্ষ্য হতে পারে। বিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা আধুনিক জটিল হামলা প্রতিহত করতে পারছে না। ফলে উন্নত প্রযুক্তির পাশাপাশি দক্ষ জনবল প্রয়োজন, যা ক্রমবর্ধমান ছোট ও মাঝারি প্রতিষ্ঠানের জন্য বড় চ্যালেঞ্জ। তাদের জন্য এমন সমাধান দরকার যা জটিলতা ছাড়া সহজে পরিচালনা করা যায়।" 

ক্যাসপারস্কির এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক অ্যাড্রিয়ান হিয়া বলেন, "এসএমবিগুলো এখন আর সাইবার অপরাধীদের দ্বিতীয় সারির লক্ষ্য নয়; বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবহৃত উন্নত অস্ত্রই এখন এসএমবির বিরুদ্ধে প্রয়োগ হচ্ছে। বাজেট বৃদ্ধির উদ্যোগ প্রমাণ করে প্রতিষ্ঠানগুলো এর গুরুত্ব বুঝছে।" কাস্টম আইটির পরিচালক ম্যাক্সিমিলিয়ানো অ্যালো উল্লেখ করেন, "হামলাকারীরা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের ফলে হুমকির ধরন অনেক জটিল হচ্ছে এবং অ্যাকাউন্টের লগইন তথ্য হাতিয়ে নেওয়াই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। তাই নন-টেকনিক্যাল কর্মীদের সচেতন করা এখন অপরিহার্য।"
 //ডিবিটেক/সিটিপি/এসএস/এসএমপি//