বিকাশের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের কাছে যাচ্ছে জাকাত ও অনুদান
সময়, দূরত্ব ও নির্ভরতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও সঠিক মানুষের কাছে অনুদান পৌঁছে দেয়ার প্রতিকূলতাগুলোকে সহজ করে দিয়েছে ডিজিটাল আর্থিক ব্যবস্থা। এই সুবিধা কাজে লাগিয়েই দেশজুড়ে কাজ করা ৫০টিরও বেশি দাতব্য ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে হাজারো অসহায় মানুষের কাছে খুব সহজে জাকাত কিংবা অনুদানের অর্থ পৌঁছে দিচ্ছে মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।
২৫ ফেব্রুয়ারি, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশ কর্তৃপক্ষ জানিয়েছে, অনুদান দিতে গ্রাহককে বিকাশ অ্যাপের ‘ডোনেশন’ আইকনে ক্লিক করে যে প্রতিষ্ঠানকে অনুদান দিতে চান তা নির্বাচন করতে হবে। এরপর নাম, ই-মেইল ও অনুদানের পরিমাণ উল্লেখ করে সাবমিট করতে হবে।
গ্রাহক চাইলে ‘আমি আমার পরিচয় শেয়ার করতে চাইনা’ অপশন নির্বাচন করে নিজের পরিচয় গোপনও রাখতে পারবেন। পরের ধাপে বিকাশ পিন নাম্বার দিয়ে অনুদান কার্যক্রম শেষ করার পর ‘আপনার অনুদান সফল হয়েছে’ লেখা একটি প্রাপ্তিস্বীকারপত্র পেয়ে যাবেন গ্রাহক।
প্রসঙ্গত, সারা বছরই বিকাশের মাধ্যমে সরাসরি অনুদান দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, আঞ্জুমান মুফিদুল ইসলাম, মজার ইশকুল, অভিযাত্রিক ফাউন্ডেশন, জাগো ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কোয়ান্টাম ফাউন্ডেশন, আইসিডিডিআর,বি, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ, ডুনেশন ফাউন্ডেশন ট্রাস্ট ও প্রথম আলো ট্রাস্ট। এ ছাড়া বিভিন্ন সংস্থা ও সংগঠনের মার্চেন্ট অ্যাকাউন্টের মাধ্যমেও জাকাত ও অনুদান পাঠাতে পারছেন গ্রাহকরা।
ডিবিটেক/এসএইচ/এমইউএম







