জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী
ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বৈশ্বিক বৈষম্য নিরসনে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, […] The post জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী fi

ঢাকা: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা এবং বৈশ্বিক বৈষম্য নিরসনে গুরুত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটবিষয়ক একটি গুরুত্বপূর্ণ সাইড ইভেন্টে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রোহিঙ্গাদের দ্রুততম সময়ে মিয়ানমারে প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর সহযোগিতা চাইবেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন বৈশ্বিক সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মনোযোগ কিছুটা কমেছে। অথচ এ সংকট শুধু অর্থনৈতিক চাপের বিষয় নয়, এর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তার বিষয়ও জড়িত। প্রধানমন্ত্রী এ সংকটের প্রতি আবারও বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করবেন।
তিনি বলেন, জাতিসংঘ অধিবেশনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন।
জাহেদ উর রহমান জানান, ২৩ সেপ্টেম্বর বিভিন্ন দাতব্য ও মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। একই দিন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও নরওয়ের উদ্যোগে আয়োজিত বৈশ্বিক বৈষম্য ও সংকট মোকাবিলা বিষয়ক সভায় বক্তব্য দেবেন তিনি। জাতিসংঘ মহাসচিবের উদ্যোগে আয়োজিত ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের সভাতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট আয়োজিত রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মীদের সম্মানে দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও এর ফলে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলা বিষয়ক উচ্চপর্যায়ের সভায় উদ্বোধনী বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের জন্য জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো তুলে ধরবেন তিনি। ওই দিন নবজাতক ও মাতৃস্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক একটি সাইড ইভেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।
এ ছাড়া কুয়েতের ক্রাউন প্রিন্স, ক্রোয়েশিয়া, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান ও হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে তার। জাতিসংঘের মহাসচিব, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক দূত, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ও মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এর পাশাপাশি ওয়াল স্ট্রিট ও মেটাসহ বিভিন্ন ব্যাবসাপ্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।
জাহেদুর রহমান জানান, ২৫ সেপ্টেম্বর রাত ১১টার দিকে প্রধানমন্ত্রীর দেশের উদ্দেশে নিউইয়র্ক ছাড়ার কথা রয়েছে।
The post জাতিসংঘে রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর দেবেন প্রধানমন্ত্রী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





