মিয়ানমারের সঙ্গে ড্র, এক পয়েন্টে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের
জয় দিয়ে নয়, গোলশূন্য ড্রয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নারী ফুটবল অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলের দেখা পায়নি বাংলাদেশ, অবশ্য গোল দিতে দেয়নি মিয়ানমারকেও। ফলে তিন ম্যাচে জয়হীন থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের। ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা […] The post মিয়ানমারের সঙ্গে ড্র, এক পয়েন্টে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking

জয় দিয়ে নয়, গোলশূন্য ড্রয়ে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের নারী ফুটবল অভিযান শেষ করল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের বিপক্ষে গোলের দেখা পায়নি বাংলাদেশ, অবশ্য গোল দিতে দেয়নি মিয়ানমারকেও। ফলে তিন ম্যাচে জয়হীন থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো ঋতুপর্ণা চাকমা-তহুরা খাতুনদের।
ওসাকার নাগাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে শুরু থেকেই প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়েও বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে দলটি। এরপরও ম্যাচের আগে বাংলাদেশের কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কথায় ছিল ভালো ফলের প্রত্যাশা। শেষ পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ না হলেও রক্ষণ সামলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
তবে এই এক পয়েন্ট বাংলাদেশের জন্য খুব একটা কাজে আসেনি। গ্রুপের প্রথম দুই ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ গোলে হেরে আগেই কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তা প্রায় বন্ধ করে ফেলেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে মিয়ানমারকে বড় ব্যবধানে হারাতে পারলে তৃতীয় হয়ে শেষ আটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা ছিল। গোলশূন্য ড্রয়ে সেটা আর হলো না।
ম্যাচে মিয়ানমারের তুলনায় বল দখলে খুব বেশি পিছিয়ে ছিল না বাংলাদেশ। পুরো ম্যাচে ৪৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে তারা। কিন্তু আক্রমণভাগে সেই দখল থেকে কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।
গোলের উদ্দেশ্যে মাত্র তিনটি শট নিতে পেরেছে বাংলাদেশের মেয়েরা, যার কোনোটিই ছিল না লক্ষ্যে। বিপরীতে মিয়ানমার নিয়েছে আটটি শট এবং দুটি ছিল লক্ষ্যে। তবে দুই প্রচেষ্টাই রুখে দিয়েছেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।
ফলে গোল না খাওয়াটাই শেষ ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় স্বস্তি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে রক্ষণে বড় ধাক্কা খাওয়ার পর মিয়ানমারের বিপক্ষে অন্তত নিজেদের গোলমুখ অক্ষত রাখতে পেরেছে তারা।
এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসের নারী ফুটবলে অংশ নিল বাংলাদেশ। ২০২৩ সালের আসরেও তিন ম্যাচে দুটি হার ও একটি ড্র নিয়ে বিদায় নিয়েছিল দলটি। সেবার তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচে প্রতিপক্ষের কাছে ১৬ গোল হজম করেছেন ঋতুপর্ণা-তহুরারা।
The post মিয়ানমারের সঙ্গে ড্র, এক পয়েন্টে এশিয়ান গেমস শেষ বাংলাদেশের first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





