৯ জন প্রবাসী নিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ দল ঘোষণা
আসিয়ান কাপের প্রথম আসরকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ, মিডফিল্ডার জিদান ইউসুফ ও জাপানপ্রবাসী ফুটবলার শুকি ইতোফুসা। তিনজনই প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন। চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা নয়জন। হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম, ফারহান […] The post ৯ জন প্রবাসী নিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ দল ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | E

আসিয়ান কাপের প্রথম আসরকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রধান কোচ থমাস ডুলির দলে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ, মিডফিল্ডার জিদান ইউসুফ ও জাপানপ্রবাসী ফুটবলার শুকি ইতোফুসা। তিনজনই প্রথমবারের মতো জাতীয় দলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেয়েছেন।
চূড়ান্ত দলে প্রবাসী ফুটবলারের সংখ্যা নয়জন। হামজা চৌধুরী, শমিত শোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলী ওয়াহিদ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ ও শুকি ইতোফুসার সঙ্গে আছেন অভিজ্ঞ জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।
নতুনদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ফারহান। ফুলহাম অনূর্ধ্ব-২১ দল থেকে ধারে বর্তমানে বোরেহাম উডে খেলছেন এই ফরোয়ার্ড। জাতীয় দলের গোলসংকট কাটাতে তার ফিনিশিং দক্ষতা কাজে আসতে পারে বলে মনে করছেন ডুলি।
সম্প্রতি বসুন্ধরা কিংস অ্যারেনায় ফারহানকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান বাংলাদেশ কোচ। তার মতে, গোলের সামনে সুযোগ কাজে লাগানোর দক্ষতাই ফারহানের বড় শক্তি। তবে তরুণ এই ফুটবলারের ওপর অতিরিক্ত প্রত্যাশার চাপ দিতে চান না ডুলি। ফারহানকে হামজা চৌধুরীর মতো ‘ত্রাণকর্তা’ হিসেবে দেখছেন না বলেও স্পষ্ট করেছেন তিনি।
বাংলাদেশের নতুন এই অভিযান শুরু হবে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ২৫ সেপ্টেম্বর জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে দুই দল। এরপর ২৮ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
ফিফা আসিয়ান কাপের প্রথম আসরে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। ১১টি আসিয়ান সদস্য দেশের সঙ্গে অতিথি হিসেবে খেলছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। প্রতিযোগিতাটি দুটি বিভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশের জায়গা হয়েছে আট দলের ডিভিশন-১-এ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে রয়েছে ভিয়েতনাম, থাইল্যান্ড, ফিলিপাইন ও পাকিস্তান।
বাংলাদেশের ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড
গোলরক্ষক: মিতুল মারমা, মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান শ্রাবণ।
রক্ষণভাগ: জিদান অ্যালেক্সান্ডার ইউসুফ, তপু বর্মন, মো. শাকিল আহাদ তপু, মো. সাদ উদ্দিন, মো. রহমত মিয়া, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ।
মধ্যমাঠ: এস এম মনজুরুর রহমান, জামাল ভূঁইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, মো. হৃদয়, মো. মিনহাজুল করিম স্বাধীন, হামজা চৌধুরী, শমিত শোম।
আক্রমণভাগ: ফাহামেদুল ইসলাম, শেখ মোরসালিন, রকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা।
The post ৯ জন প্রবাসী নিয়ে বাংলাদেশের আসিয়ান কাপ দল ঘোষণা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





