এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে হকির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়লেও পরের তিন কোয়ার্টারে আর সেই লড়াই ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হার দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে কোরিয়া। […] The post এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:০০  

এশিয়ান গেমসে হকির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে প্রতিরোধ গড়লেও পরের তিন কোয়ার্টারে আর সেই লড়াই ধরে রাখতে পারেনি লাল-সবুজের দল। শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় ব্যবধানে হার দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ।

জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে পুল ‘এ’-এর ম্যাচে শুরু থেকেই বাংলাদেশের ওপর চাপ তৈরি করে কোরিয়া। তবে রক্ষণে শৃঙ্খলা রেখে প্রথম ২০ মিনিট প্রতিপক্ষকে গোলবঞ্চিত রাখে রোমান সরকারদের দল। একাধিক আক্রমণ সামলেও গোলপোস্ট অক্ষত রাখে বাংলাদেশ।

তবে দ্বিতীয় কোয়ার্টারে বদলে যায় ম্যাচের চিত্র। ২১তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে বে সং মিন ফিল্ড গোল করে কোরিয়াকে এগিয়ে দেন। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ব্যবধান দ্বিগুণ করেন ও সেয়ং। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে দুই গোল হজম করে বিরতিতে ২-০ পিছিয়ে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর বদলে আরও চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই, ৩০তম মিনিটে লি গ্যাংসান গোল করে কোরিয়ার লিড ৩-০ করেন। দুই মিনিট পর পেনাল্টি কর্নার থেকে দারুণ হিটে চতুর্থ গোলটি করেন ইয়াং জিহুন।

শেষ কোয়ার্টারে গোলের ব্যবধান কমানোর চেষ্টা চালায় বাংলাদেশ। কিন্তু কোরিয়ার শক্ত রক্ষণ ভেদ করে সুযোগ তৈরি করতে পারেনি তারা। উল্টো ৫৮তম মিনিটে সিম জেওনের ফিল্ড গোলে কোরিয়ার জয় নিশ্চিত হয় ৫-০ ব্যবধানে।

কোরিয়ার পাঁচ গোলের চারটিই এসেছে ফিল্ড গোল থেকে। বাকি গোলটি এসেছে পেনাল্টি কর্নার থেকে।

প্রথম ম্যাচে বড় হারের পর বাংলাদেশের সামনে এখন আরও কঠিন পরীক্ষা। আগামী ২২ সেপ্টেম্বর পুল ‘এ’-এর দ্বিতীয় ম্যাচে স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ দল।

The post এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বিধ্বস্ত বাংলাদেশ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.