প্রযুক্তি বিনিময় ও ড্রোন সংযোগ

ওমানে ইভি বাইক রপ্তানিতে পিটন-স্টার ড্রোনস চুক্তি

  • ওমানে ইভি বাইক রপ্তানি, ড্রোন ডেলিভারি ইন্টিগ্রেশন এবং যৌথ বিনিয়োগের ঐতিহাসিক চুক্তি
  • রিভার্স ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আধুনিক অ্যাসেম্বলি লাইন স্থাপন
  • ডেলিভারি প্ল্যাটফর্ম 'বিজ'-এর মাধ্যমে বাংলাদেশি গ্রিন টেকনোলজির আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকার নিশ্চিত

ওমানে ইভি বাইক রপ্তানিতে পিটন-স্টার ড্রোনস চুক্তি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০৪  

বৈদ্যুতিক মোটরসাইকেল (ইভি বাইক) রপ্তানি, সমন্বিত ড্রোন ডেলিভারি নেটওয়ার্ক তৈরি এবং আধুনিক প্রযুক্তির দ্বিপাক্ষিক বিনিময়ে কৌশলগত অংশীদারত্ব গড়ে তুলেছে বাংলাদেশের ‘পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ওমানের ‘স্টার ড্রোনস’ (মডার্ন স্টার বিজনেসেস এলএলসি)।

১৪ সেপ্টেম্বর, সোমবার ঢাকায় নভোথিয়েটারে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর লাউঞ্জে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। প্রদর্শনীতে বাংলাদেশি পণ্যের উচ্চমান ও তরুণ প্রকৌশলী-উদ্যোক্তাদের মেধা দেখে সন্তোষ প্রকাশ করে ওমানি প্রতিনিধি দল এই বিনিয়োগ ও অংশীদারত্বের আনুষ্ঠানিক ঘোষণা দেয়।

সমঝোতা চুক্তির আওতায় পিটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক শেখ ইকবাল জাহেদী এবং মডার্ন স্টার বিজনেসেস এলএলসির (স্টার ড্রোনস) পক্ষে প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আব্দুল গাফুর সাইফ উদ্দিন স্বাক্ষর করেন।

চুক্তির প্রাথমিক পদক্ষেপ হিসেবে ওমানের জনপ্রিয় ফুড ডেলিভারি অ্যাপ ‘বিজ’ (Bees)-এর ডেলিভারি বহরের জন্য বাংলাদেশ থেকে ইলেকট্রিক বাইক সংগ্রহ করা হবে। পরবর্তীতে পুরো মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ওমানে একটি পূর্ণাঙ্গ অ্যাসেম্বলি লাইন স্থাপনের পরিকল্পনা রয়েছে। সমঝোতা অনুযায়ী বাংলাদেশ থেকে ইভি প্রযুক্তির কারিগরি জ্ঞান ওমান গ্রহণ করবে এবং পাশাপাশি রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে দুই দেশের সার্বিক সক্ষমতা বাড়ানো হবে। এছাড়া স্টার ড্রোনস তাদের নিজস্ব স্বয়ংক্রিয় ড্রোন ডেলিভারি সিস্টেমের সঙ্গে বাংলাদেশের ইভি বাইকের সমন্বয় ঘটিয়ে একটি আধুনিক হাইব্রিড ডেলিভারি অবকাঠামো গড়ে তুলবে। চুক্তির অংশ হিসেবে ওমানি মূলধন ও ড্রোন প্রযুক্তি বাংলাদেশে এনে স্থানীয়ভাবে বৃহৎ পরিসরে যৌথ বিনিয়োগও করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। যৌথ এই প্রযুক্তি উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশে প্রথমবারের মতো একাডেমিয়া, দেশি-বিদেশি বিনিয়োগকারী এবং স্থানীয় উদ্যোক্তাদের সমন্বয়ে এমন একটি উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। আজ পিটন ইন্ডাস্ট্রিজ ও স্টার ড্রোনসের মধ্যকার এই সমঝোতা স্মারক সেই সমন্বিত উদ্যোগেরই এক বাস্তব ফল। এই প্রযুক্তিগত চুক্তি আমাদের জাতীয় অর্থনীতি এবং উদীয়মান সবুজ প্রযুক্তি খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

স্টার ড্রোনসের প্রতিনিধি জানান, "বাংলাদেশি পণ্যের মান এবং এখানকার ইনোভেশন আমাদের মুগ্ধ করেছে। এটি কেবল একটি বাইক ক্রয়ের চুক্তি নয়; বরং মধ্যপ্রাচ্য জুড়ে বাংলাদেশি প্রযুক্তি সম্প্রসারণ এবং বাংলাদেশে ওমানের যৌথ বিনিয়োগের এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমান দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও মিনিস্টার প্লেনিপোটেনশিয়ারি ফাথিয়া বিনতে আহমেদ আল বালুশি। এছাড়া উপস্থিত ছিলেন সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসএবিসিসিআই) সভাপতি আশরাফুল হক চৌধুরী, পিটন ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আলী আজগর অপু, স্টার ড্রোনসের সিপিও বাসিম আল্লাহ বখশ গোলাম আল-জাদজালি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট রোজান দৌলতজাদেহ এবং মেকাট্রনিক প্রকৌশলী মোহাম্মদ ফৌজান আম্মার। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা জানান, এ অংশীদারত্ব বাংলাদেশের সবুজ শিল্পকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবে।
//ডিবিটেক/এনএপি/এসই/এমআইএসটি//