আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে ভিয়েনাগামী বাংলাদেশ দল বাছাই

  • ফিজিক্যাল কম্পিউটিং ও রোবোটিকসে তিন সোনা এবং সাত রৌপা জয়
  • পাঁচ শতাধিক শিক্ষার্থীর উদ্ভাবনী প্রকৌশল দক্ষতা প্রদর্শিত হয়েছে জাতীয় অলিম্পিয়াডে
  • নির্বাচিতদের নিয়ে আন্তর্জাতিক দলের ক্যাম্প অনুষ্ঠিত হবে আঠারো সেপ্টেম্বর

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্বে ভিয়েনাগামী বাংলাদেশ দল বাছাই
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৮:৩৩  

অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠেয় ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ফিজিক্যাল কম্পিউটিং, মিশন চ্যালেঞ্জ ও অ্যালগরিদমিক রোবোটিকসের জাতীয় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

১২ সেপ্টেম্বর, শনিবার রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ক্যাম্পাসে শেষ হলো দুই দিনব্যাপী ‘আইআরও বাংলাদেশ ওপেন ২০২৬’-এর জাতীয় পর্ব। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর উদ্যোগে আয়োজিত এ আসরে সারাদেশের পাঁচ শতাধিক শিক্ষার্থী প্রকৌশল ও রোবোটিকস প্রকল্প উপস্থাপন করে। এতে মোট ৩টি স্বর্ণ, ৭টি রৌপ্য, ১০টি ব্রোঞ্জ ও ৩টি কারিগরি পদক দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় ফিজিক্যাল কম্পিউটিং জুনিয়র গ্রুপে সানিডেল স্কুলের ওয়াদি বিনতে হাবিব ও ওয়ারিদ বিন হাবিব রৌপ্য এবং মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের জুবাইদাহ জাফরিন ব্রোঞ্জ পদক লাভ করে। সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পায় ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নুসাইবা তাজরিন। এ গ্রুপে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মুয়াজ ইবনে বাশার রৌপ্য এবং নাফিয়া বাসার, মোহাম্মদ জারিফ বিন সালেক ও সস্মিত বণিক ব্রোঞ্জ পদক অর্জন করে। এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের রাইয়ানা রুফাইদা ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের মো. আয়ান রহমান কারিগরি পদক পায়।

ক্রিয়েটিভ জুনিয়র গ্রুপে ব্রোঞ্জপদক পায় এমেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের মুহতাসিম মাহির, মো. আবদুল্লাহীল আলীম ও মুনাওয়ার হিসান। সিনিয়র গ্রুপে উইলিয়াম কেরি একাডেমির জাইমা যাহিন রৌপ্যপদক এবং মিশন চ্যালেঞ্জে নুসাইবা তাজরিন কারিগরি পদক পায়। রোবোটিকস কুইজ জুনিয়র গ্রুপে স্বর্ণ পায় জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মুহতাদী মাহরুস, রৌপ্য পায় মো. তৌফিক হাসান ও আজমান রসুল এবং ব্রোঞ্জ পায় ফাতিন হাসনাত। কুইজ সিনিয়র গ্রুপে সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের মো. মাহিদ জামান স্বর্ণ, মো. আজফার হক রৌপ্য এবং আকরামুল ইসলাম ও আরিব জামান ব্রোঞ্জ লাভ করে।

স্বর্ণপদকজয়ী নুসাইবা তাজরিন বলে, "আজ পুরস্কার অর্জনটা আমার জন্য অপ্রত্যাশিত ছিল। জাতীয় দলে সুযোগ পেলে আন্তর্জাতিক পর্বে ভালো ফল করার আশা রাখি।" রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুর রহিম বলেন, "আমাদের স্কুলের শিক্ষার্থীরা অনেক দিন ধরে এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজ পুরস্কার পেলে আরও ভালো লাগত, কিন্তু পুরস্কার না পেলেও তারা অনেক কিছু শিখেছে, অভিজ্ঞতা অর্জন করেছে। এটা আগামী দিনে তাদের বেশ কাজে দেবে।"

সমাপনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা বলেন, "আজ এই আয়োজনে থাকতে পেরে আমি খুবই আনন্দিত। আয়োজকেরা এত বছর ধরে অসাধারণ কাজ করছে। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আগামী দিনগুলোয় আমরা আইসিটি বিভাগ থেকে সারা দেশে এটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করব।"

অনুষ্ঠানে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য মোহাম্মদ আহমেদ ভূঁইয়া, আইসিটি অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাদিয়া শারমিন, উলকাসেমির অ্যানালগ লেআউট ডিজাইন ডিপার্টমেন্টের পরিচালক মুন সাদিয়া, বিডিওএসএন সভাপতি মুনির হাসান এবং আইআরও কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক লাফিফা জামাল উপস্থিত ছিলেন।

বিজয়ীদের নিয়ে ১৮ ও ১৯ সেপ্টেম্বর দল নির্বাচনী ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং চূড়ান্ত দল ২০২৭ সালের জানুয়ারিতে অস্ট্রিয়ার ভিয়েনায় বিশ্বমঞ্চে লড়বে।
//ডিবিটেক/এমএমপি/এসই/ইআইসি//