ভিসা সার্ভারে সরাসরি নিয়ন্ত্রণ নেই মিশনের

লন্ডন হাইকমিশনের ওয়েব পোর্টাল নিরাপদ

  • হাইকমিশন বলেছে, তাদের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত
  • বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে ভিসা সার্ভার পরিচালনা করে
  • বিভ্রান্তিকর তথ্য এড়াতে আনুষ্ঠানিক মাধ্যমে যাচাইয়ের অনুরোধ জানিয়েছে মিশন

লন্ডন হাইকমিশনের ওয়েব পোর্টাল নিরাপদ
২৩ অক্টোবর, ২০২৬ ২১:৩৮  

বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের ওয়েব পোর্টালের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে বিভ্রান্তিকর, অসত্য ও ভিত্তিহীন বলে দাবি করেছে মিশনটি। ২৩ অক্টোবর, শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাইকমিশন জানায়, তাদের নিজস্ব ওয়েব পোর্টাল সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। একই সঙ্গে ভিসা-সংক্রান্ত সার্ভার ও প্রযুক্তিগত ব্যবস্থাপনার ওপর মিশনের সরাসরি নিয়ন্ত্রণ নেই বলে স্পষ্ট করেছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কিছু তথ্য মিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভুল ধারণা ও বিভ্রান্তি তৈরি করতে পারে। ওয়েব পোর্টালের নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের কোনো যৌক্তিক ভিত্তি নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ভিসা সার্ভার পরিচালনা করে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

হাইকমিশনের ভাষ্য অনুযায়ী, ভিসা-সংক্রান্ত সার্ভার এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ব্যবস্থাপনা বাংলাদেশে অবস্থিত দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। ফলে এসব সার্ভারের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনায় বাংলাদেশ হাইকমিশন, লন্ডনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপের সুযোগ নেই।

এ কারণে ভিসা সার্ভারে কোনো প্রযুক্তিগত সমস্যা বা কার্যক্রমের জন্য হাইকমিশনকে দায়ী করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা সমীচীন নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কনস্যুলার সেবা দ্রুত দেওয়ার প্রচেষ্টা

হাইকমিশন জানায়, ভিসা ও অন্যান্য কনস্যুলার সেবা দেওয়ার ক্ষেত্রে আবেদনকারীর প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যথাযথভাবে পূরণ করা হলে যত দ্রুত সম্ভব সেবা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংরক্ষণ, কল্যাণ নিশ্চিত করা এবং প্রয়োজনীয় কনস্যুলার ও অন্যান্য সেবা দেওয়াকে মিশন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রবাসীদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক বজায় রাখা, তাঁদের ন্যায্য অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা করা এবং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে মিশন কাজ করে যাচ্ছে।

হাইকমিশন আরও জানায়, অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং প্রবাসীদের সেবা দেওয়ার এ ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখতে তারা অঙ্গীকারবদ্ধ।

আনুষ্ঠানিক মাধ্যমে তথ্য যাচাইয়ের অনুরোধ

হাইকমিশনের কার্যক্রম নিয়ে কোনো তথ্য, অভিযোগ বা সংশয় দেখা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের ওপর নির্ভর না করে মিশনের আনুষ্ঠানিক যোগাযোগমাধ্যমে তথ্য যাচাই করার অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনে সরাসরি হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করতেও সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।

//ডিবিটেক/বিএনআর/এমএসআই/এমভিএনও//