অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও পাঠানোর উপায়

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে হাই-কোয়ালিটি ছবি ও ভিডিও পাঠানোর উপায়
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৭  

ভিন্ন অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহারের কারণে বন্ধু বা স্বজনদের সঙ্গে ছবি ও ভিডিও আদান-প্রদানে ঝাপসা হয়ে যাওয়ার দিন এখন অনেকটাই অতীত। এতদিন অ্যান্ড্রয়েড ফোন থেকে আইফোনে কোনো ছবি বা ভিডিও পাঠালে সেটির মান বেশ কমে যেত। মূলত অ্যাপলের বার্তা লেনদেনের ‘এসএমএস’ ব্যবস্থা এবং অ্যান্ড্রয়েডের ‘আরসিএস’ প্রযুক্তির মধ্যে পার্থক্য থাকায় এই সমস্যা তৈরি হতো। 

তবে অ্যাপলের ‘আইওএস ১৮’ হালনাগাদে আরসিএস সুবিধা যুক্ত হওয়ায় এই জটিলতার বড় সমাধান হয়েছে। এখন কোনো ধরনের কমপ্রেস ছাড়াই অ্যান্ড্রয়েড থেকে আইফোনে উচ্চমানের ছবি ও ভিডিও পাঠানো সম্ভব।

আরসিএস প্রযুক্তির ব্যবহার ও সেটিংস
ছবি পাঠানোর সময় মূল মান বজায় রাখতে হলে উভয় ডিভাইসেই সঠিক সেটিংস চালু রাখা প্রয়োজন। আইফোন ব্যবহারকারীদের ‘মেসেজেস’ সেটিংস থেকে ‘আরসিএস মেসেজিং’ অপশনটি চালু করতে হবে। অন্যদিকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা ‘গুগল মেসেজেস’ অ্যাপে ছবি পাঠানোর সময় বার্তা আদান-প্রদানের ঘরে থাকা ‘এইচডি’ বাটনে চাপ দিয়ে ‘এইচডি প্লাস অরিজিনাল কোয়ালিটি’ অপশনটি নির্বাচন করতে পারেন। এতে ছবিটি বিকৃত না হয়ে আসল রেজ্যুলিউশনেই আইফোনে পৌঁছে যাবে।

বড় ফাইল ও ভিডিও পাঠানোর বিকল্প উপায়
আরসিএস বার্তার মাধ্যমে সাধারণ ফাইল আদান-প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ মেগাবাইটের সীমা রয়েছে। ফলে এর চেয়ে বড় আকারের ভিডিও বা ভারী ছবি পাঠাতে চাইলে বিকল্প ব্যবস্থার ওপর নির্ভর করতে হয়। এ ক্ষেত্রে ‘গুগল ফটোজ’ বা ‘গুগল ড্রাইভ’ অ্যাপ ব্যবহার করে অনায়াসে যেকোনো আকারের ফাইল অক্ষত মানে আদান-প্রদান করা যায়।

এ ছাড়া অ্যান্ড্রয়েডের ‘কুইক শেয়ার’ প্রযুক্তি ব্যবহার করেও আইফোনে ফাইল পাঠানো সম্ভব। গুগল পিক্সেল ৮এ কিংবা স্যামসাং গ্যালাক্সি এস সিরিজের মতো সাম্প্রতিক অ্যান্ড্রয়েড ফোনগুলোতে কুইক শেয়ারের মাধ্যমে আইফোনের ‘এয়ারড্রপ’ সংযোগে সরাসরি তথ্য পাঠানো যায়। 

আর এই সরাসরি সংযোগ সুবিধা যেসব ফোনে নেই, তারা কুইক শেয়ারের ‘কিউআর কোড’ অপশনটি ব্যবহার করতে পারেন। আইফোন দিয়ে সেই কোড স্ক্যান করার মাধ্যমে দ্রুততম সময়ে বড় ফাইল আদান-প্রদান সম্পন্ন করা যায়।

ডিবিটেক/বিএমটি